আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান। উদ্বোধনী অনুষ্ঠানটি ৩০ সেপ্টেম্বর ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই দেশের বৈরীতার কারণেই এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে না ফাতিমা সানার দল। খবর দেশটির সংবাদমাধ্যম জিও সুপারের।
বিশ্বকাপের প্রথম ম্যাচে অংশ নেবে আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা। নিয়ম অনুযায়ী, সব দলের অধিনায়করা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ট্রফি গ্রহণ, যৌথ সংবাদ সম্মেলন ও ফটোশুটে অংশ নেন। তবে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা বা কোনো প্রতিনিধি ভারত সফরে যাবেন না।
এই আসরে পাকিস্তানের কোনো ম্যাচ ভারতে নেই। তারা সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। এর পেছনে মূলত কাজ করেছে “ফিউশন ফর্মুলা”, যা অনুযায়ী ২০২৫ সালের পুরুষ চ্যাম্পিয়নস ট্রফি থেকে শুরু করে আগামী তিন বছরে দুই দেশ আইসিসি টুর্নামেন্টে একে অপরে সফর করবে না।
নারী বিশ্বকাপের নক আঊটের ম্যাচের ভেন্যুও ভারত-পাকিস্তান দ্বন্দ্বে পরিবর্তন করা হয়েছে। যদি পাকিস্তান সেমিফাইনাল ও ফাইনাল খেলে, সেক্ষেত্রে সেমিফাইনাল (২৯ অক্টোবর) ও ফাইনাল (২ নভেম্বর) ম্যাচও কলোম্বোতে অনুষ্ঠিত হবে। পাকিস্তান দল ২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

