জর্ডানের পথে রওয়ানা দিল নারী ফুটবল দল

জর্ডানের পথে রওয়ানা দিল নারী ফুটবল দল

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে জর্ডানের পথে রওয়ানা দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আফিদা খন্দকারের নেতৃত্বে ২৩ জনের দল নিয়ে যাচ্ছেন কোচ পিটার বাটলার। ঢাকা থেকে মানামা, বাহরাইন হয়ে জর্ডানের আম্মানে পৌঁছাবে নারী দল।

বিজ্ঞাপন

এই সফরে ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ জুন জর্ডানের বিপক্ষে হবে ম্যাচ দুটি। দুই দলের র‌্যাঙ্কিং বাংলাদেশের চেয়ে ৪০-৬০ ধাপ এগিয়ে।

জর্ডান সফর মূলত এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতির অংশ। এর আগে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ বাটলার। তাতে জায়গা পেয়েছেন বিদ্রোহ করা ৯ নারী ফুটবলার। সেই সঙ্গে জায়গা করে নিয়েছেন আরো তিন নতুন মুখ।

২৩ জুন থেকে ৫ জুলাই হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।

এই সফরে তিন নতুন মুখ হলেন—গোলকিপার ফেরদৌসী আক্তার, মিডফিল্ডার শান্তি মার্ডি ও ফরোয়ার্ড উমেলা মারমা। জায়গা করে নেওয়া ৯ বিদ্রোহী ফুটবলার হপ্লেন- রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সাগরিকা।

বাদ পড়েছেন বিদ্রোহ করা সাফজয়ী পাঁচ ফুটবলার। তারা হলেন- সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী ও সানজিদা আক্তার। এই পাচজন বর্তমানে ভুটানে লিগ খেলছেন।

২৩ সদস্যের বাংলাদেশ দল

গোলকিপার: রুপনা চাকমা, মেঘলা রানী, ফেরদৌসী আক্তার

ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফিদা খন্দকার, জয়নব বিবি

মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শান্তি মার্ডি

ফরোয়ার্ড: ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন