৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছেন জারিফ আবরার। কোয়ার্টার ফাইনালে ভারতের শৌনক চ্যাটার্জিতে ২-১ সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন বাংলাদেশের এ তরুণ টেনিস তারকা।
রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রায় পৌনে তিন ঘণ্টার রোমাঞ্চকর লড়াই শেষে বিজয়ের হাসি ফোটে জারিফের মুখে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তার। শিরোপা থেকে আর মাত্র দুই ধাপ দূরে আছেন জারিফ।
কোয়ার্টার ফাইনালে প্রথম সেট থেকেই ভারতের প্রতিপক্ষের বিপক্ষে লড়াই জমিয়ে তোলে বাংলাদেশের এ খেলোয়াড়। প্রথম সেটে জারিফকে ৭-৫ গেমে হারান শৌনক। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ম্যাচে ফেরেন জারিফ। ৬-২ গেমে সেট জিতে ম্যাচে সমতা আনেন।
এরপর তৃতীয় সেটে সব রোমাঞ্চ জমা ছিল। শুরুতে ৩-০ তে এগিয়ে গিয়েছিলেন জারিফ। সহজেই সেটটি জিততে পারবেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-৩ গেমে লিড নেন শৌনক। সেখান থেকে দুর্দান্ত কামব্যাক করেন জারিফ, ৫-৫ এ সমতা আনেন। এরপর টানা দুই গেম জিতে ৭-৫ ব্যবধানে শৌনককে হারিয়ে সেমিফাইনালে নিজের স্থান নিশ্চিত করেন জারিফ।
ম্যাচ শেষে এই তরুণ বলেন, ‘আজ আমার ভাগ্য সহায় ছিল। এই ম্যাচ জেতার কথা ছিল না। একটা সময় আমি ৩-৫ এ পিছিয়ে ছিলাম। একটা গ্যাপের জন্য ম্যাচ ঘুরে গেছে। জাস্ট মোমেন্টটা শিফট হয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

