বাজে পারফরম্যান্সের দুষ্ট চক্রে আটকে পড়েছিল ক্লাবটি। এ কারণে ঝুঁকির মুখে এখন ম্যানচেস্টার সিটি। বিপদটা আর কিছু নয়- চ্যাম্পিয়নস লিগ থেকে আগেভাগে বিদায় নেওয়ার শঙ্কায় রয়েছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। কেননা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসরের লিগ ফেজের পয়েন্ট তালিকায় ২৪ দলের বাইরে চলে গেছে তারা। গত সপ্তাহে পিএসজির বিপক্ষে বিধ্বস্ত হওয়ায় সিটির এ অবনতি। ৭ ম্যাচে ২ জয়, ২ ড্র আর ৩ হারে সিটির সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট। এজন্য নেমে গেছে তারা পয়েন্ট টেবিলের ২৫ নম্বরে। এক ধাপ ওপরে উঠতে না পারলে বিদায় একেবারে নিশ্চিত! বাঁচার পথ থাকবে না সামনে।
সরাসরি শেষ ষোলোর টিকিট তো এখন নিশ্চিত করা সম্ভব নয় কোনোভাবেই। সম্ভাবনা রয়েছে কেবল নকআউট পর্বের প্লে-অফের টিকিট কাটার। আর এজন্য লিগ ফেজে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে সিটিকে। তবেই কেবল জিইয়ে থাকবে ইতেহাদ শিবিরের পরের রাউন্ডে খেলার সম্ভাবনা। প্লে-অফের বৈতরণী পেরোতে পারলেই শেষ ষোলোতে খেলতে পারবে কেবল তারা।
অন্তত প্লে-অফে খেলার লক্ষ্য নিয়ে আজ বুধবার রাতে মাঠে নামছে ম্যানসিটি। নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ পুঁচকে ক্লাব ব্রুগ। মাঠের শত্রু অপেক্ষাকৃত দুর্বল দল ব্রুগ হলেও সিটির জন্য এটা বাঁচা-মরার লড়াই। ইউরোপিয়ান ফুটবলের এলিট টুর্নামেন্টে টিকে থাকতে বেলজিয়ামের ক্লাবটির বিপক্ষে অগ্নিপরীক্ষাই দিতে হবে আর্লিং হাল্যান্ডদের। সর্বশেষ ম্যাচে গোলশূন্য সমতায় জুভেন্টাসকে রুখে দিয়ে প্লে-অফে নাম লেখানোর দৌড়ে বেশ ভালোভাবেই টিকে রয়েছে ক্লাব ব্রুগ। ৭ ম্যাচে ৩ জয়, ২ ড্র আর ২ হারে ১১ পয়েন্টের পুঁজি নিয়ে তালিকার ২০ নম্বরে রয়েছে তারা।
বাংলাদেশ সময় আজ রাত ২টায় মুখোমুখি হবে ম্যানসিটি ও ক্লাব ব্রুগ। শুধু ম্যানসিটি আর ক্লাব ব্রুগই নয়, আজ রাতে একই সময়ে খেলতে নামবে লিগ ফেজের ৩৬ দলের সবগুলো। একে তো লিগ ফেজের শেষ ম্যাচ। তার ওপর আবার সরাসরি ষোলো আর নকআউটে উঠার শেষ সুযোগ। এ কারণে এ পর্বের শেষ ১৮টি ম্যাচ মাঠে গড়াবে একই সময়ে। সিটির জন্য সমীকরণটা এখন সহজ। জয়টা তাদের জন্য জরুরি। জিতলেই অবাছাই দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের টিকিট প্রায় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। ড্র কিংবা হারলে ইউরোপিয়ান আসরে তাদের অভিযান শেষ হয়ে যাবে প্রথম রাউন্ড থেকেই।
মৌসুমের শুরুতে যে খারাপ সময়ের খোলসে বন্দি হয়ে পড়েছিল সিটি। সেই দুরবস্থা থেকে অনেকটাই বেরিয়ে এসেছে গার্দিওলার শিষ্যরা। পিএসজির বিপক্ষে শুরুতে দাপট দেখিয়েছে ইংলিশ জায়ান্ট ক্লাবটিই। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের ব্যবধানে ম্যানচেস্টারের জায়ান্ট ক্লাবকে ২-০ গোলে এগিয়ে দেন জ্যাক গ্রিলিশ ও আর্লিং হাল্যান্ড। সেই দুরন্ত ফর্মটা আজ রাতে নিশ্চিত প্রেরণা জোগাবে সিটিকে। তবে শেষ দিকে অবশ্য পিএসজির ঝড়ের তোড়ে উড়ে যায় সিটিজেনরা। ইউরোপের প্রিমিয়ার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে রয়েছে পিএসজিও। সিটির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সই মানসিকভাবে তাদের এগিয়ে রাখছে। কেভিন ডি ব্রুইনে-ফিল ফোডেনদের ধসিয়ে দিতে আক্রমণের ঝড় তুলে দলের জয়ে অগ্রণী ভূমিকা রেখেছিলেন উসমান ডেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, জোয়াও নেভেস ও গনকালো রামোস। সন্দেহ নেই আজ তাদের ওপরেই ভরসা রাখবে প্যারিসের জায়ান্ট ক্লাবটি।
সরাসরি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে লিভারপুল ও বার্সেলোনা। তাই তো পিএসভি আইন্দহোভেন ও আটালান্টার বিপক্ষে দুদলের লড়াই কেবলই আনুষ্ঠানিকতার। প্লে-অফ নিশ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদেরও। এ কারণে ব্রেস্তের বিপক্ষে তাদের ম্যাচ নিয়ে জোর আলোচনা নেই। তাই এ ম্যাচগুলো নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই। আর বাছাই দল হিসেবে নকআউট পর্বের প্লে-অফে জায়গা করে নিয়েছে আর্সেনাল, ইন্টার মিলান, এসি মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের সঙ্গে প্লে-অফে নাম লিখে ফেলেছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, অ্যাস্টন ভিলা, ব্রেস্ত, লিল, মোনাকো, বায়ার লেভারকুসেন, বরুশিয়া ডর্টমুন্ড, আটালান্টা, জুভেন্তাস, ফেয়েনুর্দ ও সেল্টিক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

