সিরিজে এগিয়ে গেল যুবারা

সিরিজে এগিয়ে গেল যুবারা

সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। তৃতীয় একদিনের ম্যাচে ডাক ওয়ার্থ লুইস (ডিএল) মেথডে শ্রীলঙ্কা যুব দলকে ৩৯ রানে হারিয়েছে সফরকারী দল।

কলম্বোতে বৃষ্টির কারণে ম্যাচের আয়ূ ২৮ ওভারে কমিয়ে আনা হয়। কার্টেল ওভারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে আজিজুল হাকিম তামিমের অর্ধশতকে ২ উইকেট হারিয়ে ১৪৪ রান জড়ো করে বাংলাদেশ। ৬৭ রানের ইনিংস খেলেন সফরকারীদের অধিনায়ক। ৮৪ বলে ৩ চারের পাশাপাশি ২ ছয় মারেন তামিম। ৩৫ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান এনে দেন জাওয়াদ আবরার। এছাড়া রিজান হোসেনের অবদান ২৪ রান। শ্রীলঙ্কার হয়ে সানুজা নিন্দুয়ারা নেন এক উইকেট। এজন্য ৪৩ রান খরচ করেন তিনি।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা যুবদলের সামনে ২২ ওভারে ১৬০ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়। লক্ষ্য তাড়ায় সবকটি ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২০ রান করে স্বাগতিকরা। তাদের প্রথম সারির ৫ ব্যাটারের মধ্যে কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। দলীয় ৬৮ রানেই ষষ্ঠ উইকেট হারায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৩২ রান করেন আটে নামা কাভিজা গামাগে। ২১ রান আসে রামিরু পেরেরার ব্যাট থেকে। এছাড়া ১৭ রান করেন নিন্দুয়ারা। বাংলাদেশের হয়ে আল ফাহাদ ও তামিম দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: ১৪৪/২ (২৮ ওভার); তামিম ৬৭, জাওয়াদ ৩৮; নিন্দুয়ারা ১/৪৩

শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দল: ১২০/৭ (২২ ওভার); গামাগে ৩২, পেরেরা ২১; তামিম ২/১৭, ফাহাদ ২/১৭

ফল: বৃষ্টি আইনে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ৩৯ রানে জয়ী

(শ্রীলঙ্কার সামনে নতুন লক্ষ্য ছিল ২২ ওভারে ১৬০ রান)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন