এশিয়া কাপকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে পাকিস্তান ও ভারত ম্যাচ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীর প্রার্থনা- মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমদের বিপক্ষে ম্যাচ বয়কট করুক ভারত।
গত এপ্রিলে সামরিক সংঘাতের ইস্যুতে পাকিস্তানের বিপক্ষে না খেলার পরামর্শ দিয়েছেন ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। সবশেষ বিষয়টি নিয়ে কথা বলেছেন হরভজন সিং। এবার বাসিতের কথা শুনে খুশিই হবেন ভারতের সাবেকরা।
বাসিতের এমন চাওয়ার পেছনে কারণটা ভিন্ন। সাম্প্রতিক সময়ে ছন্দে নেই পাকিস্তানের তারকা ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-১ ব্যবধানে সবশেষ ওয়ানডে সিরিজ হেরেছে তারা। সে সিরিজের শেষ ম্যাচে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে সফরকারী দল। ক্যারিবিয়ানদের দেওয়া ২৯৫ রানের জবাবে মাত্র ৯২ রানে অলআউট হয় তারা।
এমন বাজে ফর্ম নিয়ে ভারতের মুখোমুখি হলে যে পাকিস্তানের জন্য হার ছাড়া অন্য কিছু জুটবে না সেটা ভালোভাবেই বুঝতে পারছেন বাসিত। তাই যেন নিজেদের হার না দেখতে হয় সেটা ভেবেই সাবেক ব্যাটারের চাওয়া- পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানাক ভারত।
এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ৯ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
এক ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘আমি দোয়া করছি ভারত যেন কোনোভাবেই পাকিস্তানের বিপক্ষে না খেলে। ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে যেটা করেছিল। ম্যাচ হলে ভারত আমাদের এমনভাবে হারাবে যে সেটা আপনি ভাবতেও পারবেন না। পাকিস্তান দল আফগানিস্তানের কাছে হারলে হারুক। কিন্তু ভারতের কাছে হারলে চলবে না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

