বর্তমান পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের ১২তম আসর মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে জাতীয় নির্বাচনের সঙ্গে সাংঘর্ষিক হলে বিকল্প সময়ও বিবেচনায় রেখেছে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম। এছাড়া আগামী সেপ্টেম্বরের মধ্যে বিপিএলের দল ও অন্য সবকিছু চূড়ান্ত করতে চায় বিসিবি।
গতকাল বিসিবির বোর্ডসভা শেষে এসব জানান মাহবুব আনাম। এছাড়া বিপিএলের ভেন্যু বাড়ানো হবে বলেও জানান তিনি। নতুন ভেন্যু হিসেবে খুলনা, বগুড়া ও বরিশালকে বিবেচনা করছে বিসিবি।
বিপিএলের বিকল্প স্লটের ব্যাপারে মাহবুব আনাম বলেন, ‘ডিসেম্বর-জানুয়ারিতেও অন্য কিছু ইভেন্ট, অন্য কিছু টি-টোয়েন্টি লিগের সঙ্গে ক্ল্যাশ করে। আমরা যদি মে মাসেও করি তাও ক্ল্যাশ করবে। আইপিএল থাকবেই, এর বাইরে পিএসএলের সঙ্গেও কিছুটা ক্ল্যাশ হতে পারে। তাই আমরা দুটিকেই জানি কিন্তু আমাদের পরিকল্পনায় আমরা আটকাবো না। আমরা এগিয়ে যাব।’
এছাড়া আসন্ন মৌসুমে ঘরোয়া সূচি নিয়েও কথা বলেন তিনি। ঘরোয়া মৌসুমের সূচি চূড়ান্ত না হলেও এনসিএল টি-টোয়েন্টি দিয়ে সেপ্টেম্বরে শুরু হবে এবারের ঘরোয়া মৌসুম। এছাড়া ভারতের সিরিজ স্থগিত হওয়ায় আপাতত অন্য কোনো সিরিজ আয়োজনের পরিকল্পনা নেই বিসিবির। ক্রিকেটাদের বিশ্রাম দিতে চায় বিসিবি।
অন্যদিকে পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতা তৈরি হচ্ছে না বলেও নিশ্চিত করেছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি হবে বলেও জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

