উইম্বলডন ২০২৫

সেমিফাইনালে জোকোভিচ, সিনার ও শিয়াটেক

সেমিফাইনালে জোকোভিচ, সিনার ও শিয়াটেক

উইম্বডনের সেমিফাইনালে পা রেখেছেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার। তার সঙ্গে শেষ চারে উঠেছেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচও। মেয়েদের এককে প্রত্যাশা মতো সেমিফাইনালে উঠেছেন অষ্টম বাছাই ইগা শিয়াটেক।

কোয়ার্টার ফাইনালে আরও একবার দাপট দেখিয়ে যুক্তরাষ্ট্রের বেন শেলটনকে ৭-৬(৭-২), ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছেন সিনার। দ্বিতীয়বারের মতো এই আসরের শেষ চারে উঠলেন সিনার। এর আগে ২০২৩ সালে উইম্বলডনের সেমিফাইনালে উঠেও নোভাক জোকোভিচের কাছে হেরে বিদায় নিতে হয় সিনারকে। এবারও সেমিফাইনালে তার প্রতিপক্ষ জোকোভিচ।

জোকোভিচ ইতালির ফ্লাভিও কোবোল্লিকে তিন ঘণ্টা ১১ মিনিটের লড়াইয়ে ৬-৭ (৬-৮), ৬-২, ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে সেমির টিকিট কেটেছেন। অল ইংল্যান্ড ক্লাবে এই নিয়ে রেকর্ড ১৪ বার সেমি-ফাইনালে উঠলেন ২৪ গ্র্যান্ডস্লাম জয়ী ৩৮ বছর বয়সী জোকোভিচ।

অন্যদিকে, নারী এককে বিশ্বের সাবেক এক নম্বর শিয়াটেক ১ ঘণ্টা ৪৯ মিনিটের লড়াইয়ে ৬-২, ৭-৫ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন ১৯ নম্বর বাছাই লিউডমিলা স্যামসোনোভাকে। এদিকে অঘটন ঘটিয়ে দিয়েছেন সুইজারল্যান্ডের অবাছাই খেলোয়াড় বেলিন্ডা বেনসিক। অন্য কোয়ার্টারে তিনি সরাসরি সেটে হারালেন সপ্তম বাছাই মিরা আন্দ্রিভাকে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন