ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কটা এখন যারপরনাই শীতল। এর প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনেও। এক যুগেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না চিরবৈরী দুই প্রতিবেশী। তবে এশিয়া কাপ আর আইসিসির টুর্নামেন্টে দুদল ঠিকই খেলে যাচ্ছে একে অন্যের বিপক্ষে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সাবেক কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বিসিসিআইও জানিয়েছিল, মহাদেশীয় ও বৈশ্বিক আসরেও পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তান ম্যাচ বর্জন করেছেন ভারতের সাবেক খেলোয়াড়রা। কিন্তু আর্থিক লাভের কথা মাথায় রেখে এখন সিদ্ধান্ত বদলে ফেলেছে তারা। বরাবরের মতো এবারও এশিয়া কাপে পাকিস্তানকে মোকাবিলা করবে ভারত।
ব্যবসায়িক দিক চিন্তা করে বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না মোহাম্মদ আজহারউদ্দিন। ভারতের সাবেক এই অধিনায়কের মতে, দ্বিপাক্ষিক সিরিজ না খেললে মহাদেশীয় ও বিশ্বআসরেও পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত নয় ভারতের। এ নিয়ে আজহারউদ্দিন বলেন, ‘শুরু থেকেই আমার অবস্থান স্পষ্টÑআপনি যদি দ্বিপাক্ষিক সিরিজে না খেলেন, তাহলে অন্য টুর্নামেন্টেও খেলার প্রয়োজন নেই। এসিসি ও আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা উচিত নয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু সরকার ও বিসিসিআই নেয়, তাই এখানে কিছু বলার থাকে না।’
ভারতের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে পাকিস্তানের সাবেক স্পিনার দানেশ কানেরিয়া বলেন, ‘ভারতীয় ক্রিকেটাররা ডব্লিউসিএলের (লিজেন্ডস লিগ) ম্যাচ বয়কট করেছে এবং বলেছে এটা জাতীয় দায়িত্ব। কিন্তু এখন এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচ নিয়ে কথা নেই। যদি পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ ঠিক থাকে, তবে ডব্লিউসিএলে কেন নয়! ‘দেশপ্রেম’-এর ব্যবহার বাদ দিন, যদি না এটি আপনাদের মানায়। খেলাকে খেলায় রাখুন, প্রোপাগান্ডা বানাবেন না।’
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবি জানিয়ে ভারতের সাবেক পেসার শান্তাকুমারন শ্রীশান্ত বলেন, ‘আমি ক্রিকেট ভালোবাসি। কিন্তু দেশ সবার আগে। ভারতের কাউকে কিছু প্রমাণ করার নেই। আমার ব্যক্তিগত মত হচ্ছে, পাকিস্তানকে খেলতে দেওয়াই উচিত নয়। আমাদেরও উচিত তাদের সঙ্গে না খেলা। দেশপ্রেম সবার আগে। দুটি দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি রয়েছেÑপাকিস্তানের সেটা বোঝা উচিত। ভারত-পাকিস্তান ম্যাচকে হয়তো অনেকে অনেকভাবে দেখেন। তবে এবার ব্যবসা নয়, আগে দেশকে নিয়ে ভাবুন। এখন মানুষকে আনন্দ দেওয়ার সময় নয়।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

