সেঞ্চুরি হাঁকিয়ে দাপটের সঙ্গেই ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন তাওহিদ হৃদয়। তবে খুব বেশি এগোতে পারলেন না তারকা এ ব্যাটার। ১৩৭ রানের দুর্বার এক ইনিংস খেলে দিনের শেষ বলে সাজঘরে ফিরে গেছেন তাওহিদ। ২২৭ বলে ১৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৩৭ রানের অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন।
ব্যাট হাতে মাঠে নেমেই জোহানেসবার্গে ব্যাট হাতে দাপট দেখান তাওহিদ হৃদয়। বাংলাদেশকে উদ্ধার করেন বিপদ থেকে। শুধু কি তাই। দুরন্ত ব্যাটিংয়ে আদায় করে নিলেন চমৎকার এক সেঞ্চুরিও। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তাকে সঙ্গ দিয়ে সেঞ্চুরির পথে হাঁটছেন লিটন দাস। ১৩৮ বলে ১২ বাউন্ডারিতে ৯২ রানের দারুণ এক ইনিংসে দলের ইনিংসটাও এগিয়ে নিচ্ছেন সামনে। দুজনের ব্যাটিং ঝলকে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৩২৭ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ।
দলীয় ১২১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন হৃদয় ও লিটন। দুজনে ষষ্ঠ উইকেটে ২০৬ রানের পার্টনারশিপ গড়ে বাংলাদেশের হয়ে লিখেছেন প্রত্যাবর্তনের গল্প। তাতে বিপর্যয় কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বড় সংগ্রহের পথে হাঁটছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

