ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরল চেলসি। সাউদাম্পটনকে ডেকে এনে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে এনজো মারেসকার শিষ্যরা। এর মাধ্যমে ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা দুই হারের পর জয়ে ফিরল চেলসি।
গত ১৫ ফেব্রুয়ারি ব্রাইটনের কাছে ৩-০ গোলে হেরে যায় চেলসি। এরপর ২২ ফেব্রুয়ারি অ্যাস্টন ভিলার কাছে ২-১ ব্যবধানে হারে পশ্চিম লন্ডনের প্রতিনিধিরা। টানা দুই হারে বেশ বিপর্যস্ত ছিল তারা। পাশাপাশি সেরা চারে থেকে মৌসুম শেষ করার পথে শঙ্কায় পড়ে যায়। তবে সাউদাম্পটনকে হারিয়ে এবার শঙ্কা দূর করে স্বস্তির দেখা পেল তারা।
স্ট্যাম্পফোর্ড ব্রিজে ২৪ মিনিটে এনকুকুর কল্যাণে এগিয়ে যায় চেলসি। ১২ মিনিটের ব্যবধানে স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোল করেন পেদ্রো নেতো। ৪৪ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন কলউইল। ৭৮ মিনিটে সাউদাম্পটনের জালে শেষ পেরেক ঠুঁকে দেন কুকুরেলা। বিপরীতে একবারও চেলসির গোলমুখ খুলতে পারেনি অতিথিরা। ২৭ ম্যাচ শেষে টেবিলের চার অবস্থান করছে চেলসি৷ তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ৫৩ পয়েন্ট পাওয়া আর্সেনালের অবস্থান দুইয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

