বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ নারী সাফের আসর। প্রথম দিনেই মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুদলের ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে চায় বাংলাদেশ। গত আসরে (২০২৩ সালে) ঘরের মাঠে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী দল।
এবার শিরোপা ধরে রাখতে এশিয়ান কাপের বাছাই পর্বের জয়ীদের মধ্যে আট সদস্যকে দলে নিয়েছে বাংলাদেশ। বয়স কম হওয়ায় সিনিয়র দলের অধিনায়ক আফঈদা খন্দকার অনূর্ধ্ব-২০ দলের নেতৃত্বে দিচ্ছেন। এ ছাড়া সাগরিকা, মুনকি, স্বপ্না, স্বর্ণা, জয়নব, মিলি ও উমহেলাও দলে আছেন। তা ছাড়া এবারের আসরে খেলছে না ভারত। সব মিলে বয়সভিত্তিক এই সাফে ফেভারিট দল বাংলাদেশ।
ঘরের মাঠে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মানছে টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি তিনটি দল- শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার বললেন, ‘আমরা এশিয়া কাপ খেলব, এজন্য সাফকে ছোট করে দেখার কিছু নেই। আমরা দক্ষিণ এশিয়ার লোক, সাফ খেলব।’ অনূর্ধ্ব-২০ সাফে অন্য দেশ সিনিয়র দলের খেলোয়াড়দের নেয়নি। এ প্রসঙ্গে বাংলাদেশ কোচ বাটলার বলেন, ‘অন্য দল সিনিয়র খেলোয়াড়দের নেয়নি, সেটি তাদের ব্যাপার। আমরা আমাদের দলের উন্নতির জন্য নিয়েছি।’
বাংলাদেশকে সমীহ করেই মাঠে নামবে ভুটান। দলটি কোচ থানকা মায়া ঘালির মতে, টুর্নামেন্টে বাংলাদেশ ফেভারিট এবং শিরোপা জেতার মতো দল। অন্যদিকে, নেপাল কোচ ইয়াম প্রসাদ জানান, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই সাফের মিশনে নামছে তারা। তবে সিনিয়র দলের খেলোয়াড় নেয়নি নেপাল। বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকে জাতীয় দলের জন্য ফুটবলার প্রস্তুত করতে চায় তারা।
অন্যদিকে, শ্রীলঙ্কা দলের কোচ শ্রীনাথা জানান, অভিজ্ঞতা অর্জনের জন্য সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে খেলতে এসেছেন তারা। বাংলাদেশের বিপক্ষে রক্ষণাত্মক খেলার আভাস দিয়েছেন শ্রীনাথা। তবে মাঠের লড়াইয়ে কী হবে- সেটিই দেখার বিষয়। এবারের আসরের ফরম্যাট অনুযায়ী ফাইনাল ম্যাচ নেই। প্রতিটি দলের পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল শিরোপা জিতবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

