না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার মীর বেলায়েত হোসেন। বুধবার (২৩ জুলাই) ময়মনসিংহে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মীর বেলায়েত হোসেন ১৯৭৭ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ১৯৭৯ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের সদস্য ছিলেন। ডাকাবুকো ব্যাটিংয়ের কারণে বেশ সুনাম ছিল তার।
খেলোয়াড়ী জীবনে ঢাকার ক্লাব ক্রিকেটে তিনি আবাহনী, কলাবাগান, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছেন। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ জেলা দলের হয়েও অবদান রেখেছেন প্রয়াত এই ক্রিকেটার।
খেলোয়াড় পরবর্তী জীবনে আম্পায়ার ও বিসিবির ম্যাচ রেফারি হিসেবে সুনামের সঙ্গে কাজ করেন বেলায়েত। তিনি রেফারি হিসেবে ৭৯টি প্রথম শ্রেণি, ৮১ টি লিস্ট 'এ' এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেন। তিনি বিসিবির আঞ্চলিক উন্নয়ন পরিচালক হিসাবেও কাজ করেছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

