পুরানের পথ ধরে অনেকেই অবসর নেবে, শঙ্কা স্যামির

পুরানের পথ ধরে অনেকেই অবসর নেবে, শঙ্কা স্যামির

মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরান। অল্প বয়সেই পুরান দেশের জার্সি তুলে রাখায় অবাক হয়েছেন অনেকে। তবে অবাক হননি জাতীয় দলের কোচ ড্যারেন স্যামি। পুরানের পথ ধরে অনেকেই অবসর নেবে বলে অভিমত সাবেক উইন্ডিজ ক্রিকেটারের।

বিজ্ঞাপন

গত সোমবার হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন পুরান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কখনও টেস্ট খেলেননি তিনি। সবশেষ ওয়ানডে খেলেছিলেন দুই বছর আগে। তবে টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ছিলেন। এবার সেটাও শেষ হলো।

হার্ডহিটার ব্যাটারের অবসর প্রসঙ্গে স্যামির ভাষ্য, 'আমার মনে হচ্ছিল, এমন কিছু ঘটবে। নিকোলাস আমাকে একটা বার্তা পাঠিয়েছিল, তার এজেন্টের সঙ্গেও আমার কথা হয়েছে… আমি তাকে জিজ্ঞাস করেছিলাম, সে কেবল যুক্তরাজ্য সফরে থাকবে না, নাকি অনির্দিষ্ট সময়ের জন্য। যা উত্তর পেয়েছিলাম, আমি বুঝে গিয়েছিলাম আমাকে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে হবে।'

'আসলে তার মতো প্রতিভাকে দলে পেতে আমি চাইব। কিন্তু কারো ক্যারিয়ার আমি নিয়ন্ত্রণ করতে পারি না এবং পারবও না… আমি তাকে শুভকামনা জানিয়েছি, সেও দলের জন্য শুভকামনা জানিয়েছে। এখন পুরানকে ছাড়া সামনের পথচলার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে। সামনে বিশ্বকাপ, আমরা যেন তাকে ছাড়া পরিকল্পনা করতে পারি, সে জন্য অনেক আগে সে আমাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে, আমি এই বিষয়টিকে সম্মান করি।'- যোগ করেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা অধিনাাক।

স্যামি আরো বলেন, 'আমি নিশ্চিত, আরও অনেকে এই পথ অনুসরণ করবে, এমন কিছু ভাববে। টি-টোয়েন্টি ক্রিকেটটা এখন এমন, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজে আমরা যে চ্যালেঞ্জের মুখোমুখি হই সেটা হলো, আমাদের ক্রিকেটারদের জাতীয় দলের জন্য খেলতে অনুপ্রাণিত রাখার চেষ্টা করতে হয়, তাই আমি অবাক হইনি। সবাই হাইনরিখ ক্লসেন, কুইন্টন ডি কককে নিয়ে কথা বলছে, যারা অবসর নিয়েছে। এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন