দুই হারে খাদের কিনারায়

বাংলাদেশের দিকে তাকিয়ে পাকিস্তান

বাংলাদেশের দিকে তাকিয়ে পাকিস্তান

টানা দুই হারে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের শঙ্কায় পড়ে গেছে পাকিস্তান। খাদের কিনারায় দাঁড়িয়ে যতটুকু সম্ভাবনা টিকে আছে সেটাও অনেক যদি কিন্তুর ওপর। দলটির কঠিন সমীকরণের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। তাই আশা ছেড়ে দিলেও আপাতত নাজমুল হোসেন শান্তদের দিকে তাকিয়ে আছেন পাকিস্তানের দলপতি মোহাম্মদ রিজওয়ান।

উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে যায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে রোববার ভারতের কাছে তাদের পরাজয় ৬ উইকেটে। এমতাবস্থায় সেমিফাইনালে টিকে থাকার জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

একই সঙ্গে পরবর্তী ২ ম্যাচে নিউজিল্যান্ডের পরাজয় কামনা করতে হবে পাকিস্তানকে। যার প্রথমটিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের মুখোমুখি হয়েছে ব্ল্যাক ক্যাপসরা। অপর ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত। তিনটি ম্যাচের ফল পক্ষে আসলে পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে রান রেটের দিকে। এতোসব সমীকরণ মিলে গেলেই কেবল শেষ চারে পা রাখতে পারবে ম্যান ইন গ্রিনরা।

রিজওয়ান বলেন, ‘বলতে পারেন যে আমাদের সেমিফাইনালের আশা শেষ হয়ে গেছে। এটাই সত্যি। সামনের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কি করবে সেটা দেখতে হবে। এরপর ভারত-নিউজিল্যান্ড ম্যাচে কি ফল আসে এবং শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আমরা কি করতে পারি, সবকিছুই দেখতে হবে। সব মিলিয়ে ভ্রমণটা অনেক লম্বা।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন