সিরিজে টিকে থাকতে চাইলে নেপালের বিপক্ষে চতুর্থ ম্যাচে জিততেই হতো বাংলাদেশ কাবাডি দলকে। সে সমীকরণ মেলাতে পারেনি সফরকারীরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে শেষ পর্যন্ত হেরে গেছে ২১-১৭ পয়েন্টে। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই হিমালয় কন্যাদের কাছে সিরিজ হারল বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতে আশা বাঁচিয়ে রাখে তারা। যদিও চতুর্থ ম্যাচ হারায় সব আশা শেষ হয়েছে বাংলাদেশের।
ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী মনে হয়েছে বাংলাদেশ দলকে। প্রথমেই ৩-০ পয়েন্টে এগিয়ে যায় শ্রাবণী, বৃষ্টিরা। নেপালও গুছিয়ে উঠে ম্যাচে এগিয়ে যেতে থাকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। মাত্র এক পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ। নেপালের ১০ পয়েন্ট। আর বাংলাদেশের ছিল ৯ পয়েন্ট।
দ্বিতীয়ার্ধে সমানতালে এগিয়ে যায় খেলা। একটা সময় দুই দলের পয়েন্ট ছিল সমান ১৪। এরপর এগিয়ে গিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে নেপাল। তাতেই সিরিজ নিশ্চিত হয় তাদের। শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

