সাদা বলের দুটি সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফর করার কথা ভারত জাতীয় ক্রিকেট দলের। তবে নিরাপত্তা ও কূটনৈতিক বিষয় বিচেনায় রোহিত শর্মা-বিরাট কোহলিদের আসন্ন সফরটি বাতিল হতে পারে, এমনটাই জানিয়েছে দেশটির প্রথম সারির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘ভারতের বাংলাদেশ সফর এখনও কেবল সূচিতেই আছে। বিষয়টি এখনও চূড়ান্ত পথে আগায়নি। বর্তমান পরিস্থিতি বলছে, ভারতের বাংলাদেশ সফর না করার সম্ভাবনা প্রবল।’
প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর এএলএম ফজলুর রহমানের একটি পোস্টও উল্লেখ করেছে টাইমস অব ইন্ডিয়া।
ফেসবুকে ফজলুর রহমান লিখেছিলেন, ‘ভারত পাকিস্তানের ওপর আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্য দখলে নেওয়া। এজন্য আমি মনে করি, সামরিক ব্যবস্থাপনা ইস্যুতে চীনের সঙ্গে আলোচনা করা জরুরি।’
বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে ভারতের। ইতোমধ্যে আসন্ন সফরের সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের পর সফরটি নিয়ে এখন নতুনকরে ভাবতে হবে সংস্থাটিকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

