যশোরে ফুটবল অ্যাকাডেমিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত সিসা

যশোরে ফুটবল অ্যাকাডেমিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত সিসা

‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’ এবং শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমির ‘ভাষা সৈনিক মুসা ভবন’ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার যশোর সদরের হামিদপুরে অবস্থিত অ্যাকাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেলো কারলোস সিসা। তিনি ‘ভাষাসৈনিক মুসা মিয়া ভবন’ উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

এরপর ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’ বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মারসেলো কারলোস সিসা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, ওহেদ উদ্দীন চৌধুরী, ফাহাদ কবীর, সদস্য ইকবাল হোসেন, গোলাম দাউদ, কামরুল হাসান, সাখাওয়াত হোসেন শাহিন, সাইদুর রহমান মনি প্রমুখ। অ্যাকাডেমি মাঠে ৭ থেকে ১৪ বছর বয়সি ফুটবলাররা একটি সংক্ষিপ্ত ম্যাচে অংশ নেয়। অতিথিরা তাদের ক্রীড়ানৈপুণ্য উপভোগ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মারসেলো কারলোস সিসা বলেন, বাংলাদেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ফুটবল খেলা হয়। এখানে ধনী-গরিব, ছোট-বড় সব স্তরের মানুষই ফুটবল খেলা দেখতে মাঠে আসে। ফুটবল খেলার আনন্দ সবাই ভাগাভাগি করে নেয়। বাংলাদেশে ফুটবলের সফলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, আমরা তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড়দের উন্নয়ন করতে চাই। গ্রাসরুটস ফুটবল দিবস ও বিশ্ব ফুটবল সপ্তাহে তৃণমূল থেকে ছয়শ’ ফুটবলার অংশ নিয়েছে। এটা একটি বড় রেকর্ড। বাফুফের অন্তর্ভুক্ত রয়েছে ২২২টি অ্যাকাডেমি। প্রতিটি অ্যাকাডেমির পেছনে বাফুফে কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে থাকে। কারণ গ্রাসরুটস লেভেলে আমাদের খেলোয়াড় ছড়িয়ে-ছিটিয়ে আছে।

এসব ফুটবলারকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চান উল্লেখ করে তাবিথ আউয়াল বলেন, এই মাঠে তৃণমূল পর্যায় থেকে অনেক খেলোয়াড়ের অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। আজকে এখান থেকে আমি যে উৎসাহ নিয়ে যাচ্ছি, এটা দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন