সাদা পোশাকের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দ. আফ্রিকা-অস্ট্রেলিয়া

সাদা পোশাকের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দ. আফ্রিকা-অস্ট্রেলিয়া

সাদা পোশাকের সবচেয়ে মর্যাদার লড়াই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। লাল বলের এই আসর বৈশ্বিক অলিগলি ঘুরে, টেস্ট দলগুলোর লড়াইয়ের সাক্ষী হয়ে থেমেছে লর্ডসে। ক্রিকেটের মক্কায় ফাইনালে উপনীত হয়েছে দুই দল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

সাদা পোশাকের শ্রেষ্ঠত্বের দখলের লড়াইয়ে আজ বিকেল সাড়ে তিনটায় লর্ডসের ময়দানে নামবে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া ও টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় শিরোপার সামনে দাঁড়িয়ে। আর প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। তারা ২০২৩-২৪ চক্রে শেষ সাত টেস্ট জিতে অবিশ্বাস্যভাবে চারটি দলকে টপকে শীর্ষ দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে।

ফাইনালে অস্ট্রেলিয়া অবশ্যই এগিয়ে থাকবে। তাদের টিম কম্বিনেশন জমজমাট, যা তাদের আত্মবিশ্বাস জোগাবে। পিছিয়ে নেই প্রোটিয়ারাও। তবে একটা ভয় তাদের থেকেই যাচ্ছে। ক্রিকেট বিশ্বে তারা চিরকালের চোকার্স। এবার কি ফাইনালে ছবিটা বদলাতে পারবে?

তাদের কোচ মার্ক বাউচার অবশ্য এবার আশাবাদী, ‘যেহেতু ট্রফির লড়াইয়ে নামতে যাচ্ছি আমরা, অনেকেই বলছেন যে আমরা পারব না (ফাইনালে চোক করব)। তবে আমার মনে হয়, টেস্ট ক্রিকেটে ব্যাপারটি ভিন্ন। এটা খেলা হয় অনেক লম্বা সময় ধরে। এখানে ম্যাচের নানা সময়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিজেদের করে নিতে হয়।’

তাদের অধিনায়ক বাভুমা বলেন, ‘ফাইনালে উঠতে পেরে আমরা সত্যিই আনন্দিত, যা আমাদের জন্য আইসিসির শিরোপা জয়ের একটি ভালো সুযোগ। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

এদিকে দক্ষিণ আফ্রিকাকে দল হিসেবে গুরুত্ব দিচ্ছেন অজি অধিনায়ক কামিন্স। কামিন্স বলছেন, ‘ওদের অনেকেই অপরিচিত। ওদের বিরুদ্ধে খুব বেশি খেলিনি আমরা। ফাইনালে পৌঁছানোর জন্য যারা অবিশ্বাস্যভাবে কঠোর পরিশ্রম করেছেন তাদের সবার জন্য একটি ভালো সুযোগ, যা আমাদের জন্য সম্মানের।’

পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, অতীতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেটে মোট ১০১টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৫৪টি টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আর ২৬টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই দলের অতীতের লড়াইয়ে ২১টি টেস্ট ড্র হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন