জিম্বাবুয়ের জার্সিতে ফিরতে চান টেলর

জিম্বাবুয়ের জার্সিতে ফিরতে চান টেলর

ক্রিকেটের দুর্নীতিবিরোধী আইন ভাঙার অপরাধে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্রেন্ডন টেলর। জিম্বাবুয়ের এ তারকা ক্রিকেটারের শাস্তি থেকে মুক্তি মিলবে আগামী জুলাইয়ে। ইচ্ছে ছিল, আইসিসি নিষেধাজ্ঞা তুলে নিলে কোচ হবেন। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন। সিদ্ধান্ত পাল্টে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান জিম্বাবুয়ের সাবেক এ অধিনায়ক। ঘরের মাঠে অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আবার ক্রিকেটের এলিট অঙ্গনে ফিরতে ইচ্ছুক ৩৯ বছরের এ উইকেটরক্ষক-ব্যাটার।

২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে আগামী ওয়ানডে বিশ্বকাপ। মাঠের খেলায় ফেরার জন্য টেলরকে রাজি করিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি। জিম্বাবুয়ের জার্সিতে ৩৪ টেস্ট, ২০৫ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি খেলা টেলর আগামী ২৫ জুলাই ক্রিকেটে ফিরতে পারবেন।

বিজ্ঞাপন

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে নিজের প্রত্যাবর্তনের ইচ্ছার কথা জানিয়ে টেলর বলেন, “আমি এখনো খেলতে চাই এবং আমার বিশ্বাস, খেলোয়াড় হিসেবে আমি প্রভাব রাখতে পারব। গিভমোর আমাকে অনেক সমর্থন করছেন। তিনি আপাতত আমার কোচিং ভূমিকা বন্ধ করে দিয়েছেন এবং বলেছেন, ‘তুমি কি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবে এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবে?’ তখন (বিশ্বকাপে) আমার বয়স হবে ৪১ বছর।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন