অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ক্যাম্প শুরু

দলে ডাক পেলেন প্রবাসী তাহসিন

দলে ডাক পেলেন প্রবাসী তাহসিন

আগামী ১৫ থেকে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় হবে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের আসর। এ টুর্নামেন্ট সামনে রেখে আজ থেকে যশোরের নাজমুল হুদা ফুটবল একাডেমিতে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্প। এই ক্যাম্পে ডাক পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার তাহসিন হোসেন।

গত মাসে জাতীয় স্টেডিয়ামে প্রবাসী ফুটবলারদের নিয়ে যে ট্রায়ালের আয়োজন করেছিল বাফুফে- সেখানে নজর কেড়েছেন তাহসিন। তাই সুইডেন জাতীয় অনূর্ধ্ব-১৫ দলে খেলা এই ফুটবলারকে ক্যাম্পে ডাকা হয়েছে। তাহসিনের অপেক্ষায় এখন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

বিজ্ঞাপন

মোট ৪৮ ফুটবলারকে নিয়ে যশোরে ক্যাম্প হচ্ছে আজ। তবে শুরুর দিকে ৩৪ জনকে ক্যাম্পে পাওয়া যাবে। কেননা বাকি ১৪ ফুটবলারের মধ্যে ১৩ জন আগামী মাসে বিকেএসপির হয়ে জাপানে টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন। অপর একজনের এইচএসসি চলছে। পরে ক্যাম্পে যোগ দেবেন তারা।

সাফ টুর্নামেন্টের আগ পর্যন্ত যশোরেই ক্যাম্পে নিজেদের প্রস্তুত করবে বাংলাদেশের কিশোররা। এই ক্যাম্পের দায়িত্বে থাকা কোচ গোলাম রব্বানী ছোটন আমার দেশকে বলেন, ‘টুর্নামেন্টের আগ পর্যন্ত আমরা যশোরে ক্যাম্প চালিয়ে যাব। আমরা এখানে কিছু প্রস্তুতি ম্যাচও খেলার চিন্তা করছি।’ জাতীয় দলে ডাক পাওয়া তাহসিনের প্রসঙ্গে ছোটন বলেন, ‘তাহসিনকে ক্যাম্পে ডাকা হয়েছে। এখন দেখি সে আসে কি না। তার জন্য আমরা অপেক্ষায় আছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন