প্রোটিয়াদের নেতৃত্বে ডুসেন

প্রোটিয়াদের নেতৃত্বে ডুসেন

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন জেরাল্ড কোয়েটজি ও নান্দ্রে বার্গার। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে এই দুই পেসার জায়গা করে নিলেন যথাক্রমে ৮ ও ১১ মাসের বিরতি শেষে। আগামী জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন তারা। সিরিজে প্রোটিয়াদের প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

কোয়েটজি মাঠের বাইরে ছিলেন হ্যামস্ট্রিং ও কুঁচকির চোটের জন্য। আর বার্গার দর্শক হয়ে ছিলেন কোমরের চোট নিয়ে। দুজনেই এখন যুক্তরাষ্ট্রের মাটিতে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলছেন। দলে নেই নিয়মিত অধিনায়ক এইডেন মার্করাম। তার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন রসি ভ্যান ডার ডুসেন।

দলে ডাক পাননি ব্যাটসম্যান রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার, অলরাউন্ডার মার্কো জানসেন, পেসার ক্যাগিসো রাবাদা এবং স্পিনার কেশব মহারাজ। পিঠের চোটের জন্য দলে ডাক পাননি আনরিখ নরকিয়া। কেন্দ্রীয় চুক্তিতে না থাকা তাবরাইজ শামসিও নেই স্কোয়াডে। আর হেনরিখ ক্লাসেন তো অবসরই নিয়ে ফেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

দক্ষিণ আফ্রিকা দল: রসি ভ্যান ডার ডুসেন (অধিনায়ক), করবিন বোশ, ডিওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, রিজা হেনড্রিকস, রুবিন হারম্যান, জর্জ লিন্ডে, কুয়েনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, নকাবায়োমজি পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও আন্দিলে সিমেলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন