এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মহাদ্বৈরথে ব্যাটে-বলের নিরুত্তাপ লড়াই উত্তাপ ছড়িয়েছে খেলার আগে-পরে। টসের সময় দুই দলের অধিনায়কের হাত না মেলানো থেকে শুরু করে ম্যাচের পরে ভারতীয় ক্রিকেটারদের সৌজন্যমূলক হাত না মেলানোর বিষয় আলোচনার ঝড় তুলেছে। এই ঘটনায় ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপের বাকি ম্যাচ থেকে ‘তাৎক্ষণিকভাবে অপসারণ’ করার দাবি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেড় বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান সভাপতি নাকভির দাবি, পাইক্রফট টসের সময় দুই দলের অধিনায়কদের করমর্দন না করার জন্য অনুরোধ করেছিলেন। যদিও এখনো প্রমাণিত হয়নি যে, পাইক্রফট সত্যিই অধিনায়কদের টসের সময় একে অপরকে করমর্দন না করার নির্দেশ দিয়েছেন কিনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নাকভি লিখেছেন, ‘ম্যাচ রেফারি দ্বারা আইসিসির আচরণবিধি এবং ক্রিকেটীয় সৌজন্যবোধ আইন লঙ্ঘনের বিষয়ে পিসিবি আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে। পিসিবি এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে।’
ম্যাচে ভারত ৭ উইকেটের ব্যবধানে জিতে মাঠ ছাড়ার সময় পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়নি। দুই দলের স্টাফরাও একই কাজ করেছেন। যদিও খেলা শেষে দুই দলের হাত মেলানো একটি অলিখিত রীতি। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পরে জানিয়েছেন, পেহেলগাম হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেই সঙ্গে জয় উৎসর্গ করেছেন নিহতদের পরিবার ও ভারতীয় সেনাবাহিনীকে।
এই ঘটনার জের ধরে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা ম্যাচ-পরবর্তী অনুষ্ঠান বর্জন যান এবং কোচ মাইক হেসন এক সংবাদ সম্মেলনে ভারতের সিদ্ধান্তকে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেন। পাকিস্তানের দলের প্রধান কোচ মাইক হেসন বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ম্যাচ শেষে হাত মেলাতে প্রস্তুত ছিলাম। কিন্তু প্রতিপক্ষ সেটি এড়িয়ে চলে যায়। আমরা যখন এগিয়ে যাই, তারা তখনই ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করে। এটি ছিল হতাশাজনক।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

