হামজাদের ম্যাচের টিকিট বিক্রি শুরু সোমবার

হামজাদের ম্যাচের টিকিট বিক্রি শুরু সোমবার

আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী সোমবার থেকে এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। কুইকেট নামের একটি ওয়েবসাইটে পাওয়া যাবে ম্যাচের টিকিট। গত জুনে সিঙ্গাপুর ম্যাচের টিকিট টিকিফাই নামের ওয়েবসাইটে ছেড়েছিল বাফুফে। তখন অনেক বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল বাফুফেকে। ফলে টিকিটিং পার্টনার বদলাতে হলো বাফুফেকে।

বাফুফে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘হংকং ম্যাচের টিকিট বিক্রির জন্য সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। এর মধ্যে সর্বনিম্ন দর ও মানের বিবেচনায় কুইকেটকে টিকিটিং দায়িত্ব দেওয়া হয়েছে। তারা একসঙ্গে এক লাখ লগ ইনলোড নিতে পারবে। টিকিটিং কার্যক্রম কোনো কারণে বিঘ্নিত হলে তারা বাফুফেকে জরিমানা হিসেবে ১০ লাখ টাকা দেবে। এমন শর্তেই তারা কাজ করতে রাজি হয়েছে। বাফুফে ফেসবুক পেজে নির্ধারিত সময়ের আগেই টিকিট সংগ্রহের নির্দেশনা থাকবে।’

বিজ্ঞাপন

হংকং ম্যাচ শুরুর সময় নির্ধারণ করা হয়েছে রাত ৮টায়। সিঙ্গাপুর ম্যাচের মতো এ ম্যাচেও একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচটি টিকিট ক্রয় করতে পারবেন। গ্যালারি টিকিটের মূল্য আগের মতোই ৪০০ টাকা রয়েছে। সিঙ্গাপুর ম্যাচে ক্লাবগুলো মাত্র দুটি টিকিট পেয়েছিল। এতে অনেক সমালোচনা হয়েছিল। এবার ক্লাব, সাবেক ফুটবলার, ফুটবল-সংশ্লিষ্টদের জন্য কতসংখ্যক টিকিট সংরক্ষিত থাকবে, সেটি নির্ধারণ করবে বাফুফে নির্বাহী কমিটি।

ফুটবলের প্রকৃত দর্শক ঘরোয়া ফুটবলে মাঠে যায়। অনলাইনে সব টিকিট ছাড়লে তখন নিয়মিত দর্শকের অনেকেই টিকিট সংগ্রহ করতে পারেন না। এ বিষয়টি বাফুফের কম্পিটিশন কমিটির বিবেচনার মধ্যে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...