স্মিথের রেকর্ডের দিনে অস্ট্রেলিয়ার দাপট

স্মিথের রেকর্ডের দিনে অস্ট্রেলিয়ার দাপট

বোলারদের কল্যাণে গল টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। বোলারদের দেখানো পথে হেঁটে দ্বিতীয় দিন শ্রীলঙ্কার দু:স্বপ্ন হয়ে দাঁড়ায় সফরকারী দলের ২ ব্যাটার স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি। দুটি দারুণ রেকর্ড গড়েছেন আগেরজন। সম্মিলিত পারফরম্যান্সে অর্ধেক না যেতেই ম্যাচের লাগাম টেনে ধরেছে অজিরা।

দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ৩৩০ রান করেছে অস্ট্রেলিয়া। স্মিথ ১২০ ও ক্যারি ১৩৯ রানে অপরাজিত আছেন। সেঞ্চুরি করার পথে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে টেস্টে এশিয়ার মাটিতে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন স্মিথ। এশিয়ার মাটিতে তার সংগ্রহ এখন এক হাজার ৯৮৩ রান। এক হাজার ৮৮৯ রান নিয়ে এতোদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন রিকি পন্টিং।

বিজ্ঞাপন

এশিয়ার মাটিতে এটা স্মিথের সপ্তম সেঞ্চুরি। যেটা অস্ট্রেলিয়ানদের মধ্যে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল অ্যালান বোর্ডারের দখলে। এশিয়ার মাটিতে ৬ সেঞ্চুরি করেন সাবেক তারকা ক্রিকেটার। আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন স্মিথ। টেস্ট সেঞ্চুরিতে সর্বকালের সেরা পাঁচে উঠে এসেছেন তিনি। শুক্রবার গলে এই সংস্করণে নিজের ৩৬তম শতকের দেখা পান সাবেক অধিনায়ক।

দাপট দেখালেও প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৩৭ রানেই ট্রাভিস হেড ও মার্নাস লাবুশানকে হারায় অস্ট্রেলিয়া। হেড ২১ ও লাবুশান করেন ৪ রান। তৃতীয় উইকেটে উসমান খাজাকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন স্মিথ। খাজা ৩৬ রানে আউট হলে এই জুটি ভাঙে। চতুর্থ উইকেটে ২৩৯ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়ে দিনের বাকি সময় পার করে দেন স্মিথ ও ক্যারি।

এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৫৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৯ উইকেটে ২২৯ তোলে প্রথম দিনের খেলা শেষ করে লঙ্কানরা। অতিথিদের চেয়ে ৭৩ রানে পিছিয়ে আছে ধনঞ্জয়া ডি সিলভার দল। সঙ্গীর অভাবে সেঞ্চুরি করতে পারেননি কুশল মেন্ডিস। ৮৫ রানে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রান আসে দিনেশ চান্দিমালের ব্যাট থেকে। ৩৬ রান করেন দিমুথ করুনারত্নে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন