আগামী ৩ সেপ্টেম্বর থেকে ভিয়েতনামে শুরু হবে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের অভিযান। এরআগে ১৮ ও ২২ আগস্ট বাহরাইনে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রীতি ম্যাচ খেলার লক্ষ্যে আজ বাহরাইনের বিমান ধরবে বাংলাদেশের ফুটবলাররা।
অনূর্ধ্ব-২৩ দল গঠন ও অনুশীলনে হস্তক্ষেপ করেছেন জাতীয় দলের প্রধান হাভিয়ের কাবরেরা। বাংলাদেশের বয়সভিত্তিক দলটির প্রধান কোচ হিসেবে সাইফুল বারী টিটুকে দায়িত্ব দেওয়া হলেও কাবরেরার হস্তক্ষেপের বিষয়টি ব্যতিক্রম ঘটনা জন্ম দিয়েছে। কাবরেরার পরামর্শে ২৩ সদস্যের দল নির্বাচিত হওয়ার পাশাপাশি টিটুর বর্তমানে একটি অনুশীলন সেশন করেন এই স্প্যানিশ।
অবশ্য এ বিষয়টিকে সহজ ভাবেই নিচ্ছেন দেশীয় কোচ টিটু। তার বক্তব্য, ‘ব্যাপারটা এ রকম যে ফুল কন্ট্রোল না থাকলে আমি তো হেড কোচ না। আমরা আগেই বলেছি, হংকংয়ের বিপক্ষে অক্টোবরে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। এই দলে সিনিয়র দলেরও কয়েকজন খেলোয়াড় আছেন। ক্যাবরেরাও অনেক দিন জাতীয় দলে। তার গেম মডেল ঠিক রাখার জন্য আসা খুব অবাক করা ব্যাপার না। কোয়ালিটি এন্ড কন্ট্রোল বিষয়গুলোতে না যাওয়াই ভালো এখন। সামনে আমাদের ভিয়েতনামে টুর্নামেন্ট সেখানেই মনোযোগ।’
এদিকে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে অভিষেকের অপেক্ষায় আছেন ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল। কাতারে বসুন্ধরা কিংসের জার্সি গায়ে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলেছেন এই তরুণ। কাতার থেকেই বাহরাইনে দলের সঙ্গে যোগ দেবেন সাদারল্যান্ডের এই ফুটবলার। কিংসের হয়ে অভিষেক ম্যাচে বদলি হিসেবে ২৫ মিনিট খেলেছেন মিচেল।
অন্যদিকে, অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে শুরু থেকেই ছিলেন আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ। এই ফুটবলার প্রসঙ্গে টিটু বলেন, ‘জায়ান ভালো করছে। সে কলেজ পর্যায়ে ফুটবল খেলে। প্রতিদ্বন্দ্বিতামূলক খেলার অভিজ্ঞতা অর্জন করতে হবে। তার এই এক্সপোজার পাওয়া জরুরি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

