সরোয়ারকে শোকজ নোটিশ দেয়ার সিদ্ধান্ত বিসিবির

সরোয়ারকে শোকজ নোটিশ দেয়ার সিদ্ধান্ত বিসিবির

এশিয়ান গেমসের গত আসরে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ নারী দল। তবে এবার একই প্রতিপক্ষের কাছে বাজেভাবে ব্রোঞ্জ জয়ের সুযোগ হাতছাড়া করেছে টাইগ্রেসরা। এমন হারের পর এক বিষ্ফোরক মন্তব্য করেছেন প্রধান কোচ সারোয়ার ইমরান।

বিজ্ঞাপন

এশিয়ান গেমসে বাংলাদেশ দল অংশ নেয়ার আগেই অধিনায়ক হিসেব নিগার সুলতানা জ্যোতির পারফরম্যান্স পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানিয়েছিল বিসিবি। এছাড়া এশিয়া কাপে দল ব্যর্থ হওয়ার পর থেকে হেড কোচ সরোয়ারেরও বিকল্প নিয়ে ভাবছিল বোর্ড। মাঠের বাইরের এসব বিষয় ক্রিকেটারদের পারফরম্যান্সে প্রভাব রেখেছে বলে দাবি প্রধান কোচের।

পাকিস্তানের কাছে ব্রোঞ্জ হারানোর ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের সমস্যার শুরুটা হয়েছে এশিয়া কাপ থেকে। শ্রীলঙ্কার সাথে ক্লোজ ম্যাচ হেরেছি। হারার পর থেকে আমাদের নিয়ে বিভিন্ন জায়গায় খবর-টবর এসব নিয়ে। এমনকি ইন্দোনেশিয়া-আরব আমিরাতের মতো দলের সাথে আমরা ১২০-৩০ করতে পারিনি। এটা এখনো ক্যারি করছি আমরা এশিয়ান গেমসে।

মাঠের বাইরের নেতিবাচকতার প্রভাব নিয়ে তিনি বলেন, ‘এটা হয়তো টিমের ওপর, প্লেয়ারদের ওপর প্রভাব পড়তে পারে। আমার মনে হয়, এটা একটা কারণ হতে পারে। আমরা কিন্তু পারছি না, কোনোভাবেই ওই লেভেলে যেতে পারছি না। যে কোনো টিম ছয় মারছে সহজেই, আমাদের টিম কিন্তু ছয় মারতেই পারছে না। যে আগে মারতো সেও এখন আগের জায়গাতে নেই।’

সারোয়ারের সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি চলতি অক্টোবরে শেষ হওয়ার কথা। এক মাস বাকি থাকলেও তার বিকল্প ইতোমধ্যে ঠিক করে ফেলেছে বিসিবি। সূত্রের দেয়া তথ্যানুযায়ী, নারী দলের নতুন হেড কোচ হতে যাচ্ছেন ডেভিড হেম্প। এশিয়ান গেমস চলাকালেই বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ এসেছে। এছাড়া অধিনায়ক জ্যোতিও নিজে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে এসব সিদ্ধান্ত সামনে আসায় নাখোশ সরোয়ার।

এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘টুর্নামেন্ট চলাকালীন এটা হতে পারে না। আমরা একটা টুর্নামেন্ট খেলছি, হেড কোচ আর ক্যাপ্টেনকে আপনি সাইজ করে দিলেন, তো কীভাবে আপনি (ভালো পারফরম্যান্স) আশা করেন?’

সরোয়ারের এই বিষ্ফোরক মন্তব্য নজরে এসেছে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর। ক্ষুব্ধ হয়ে তিনি জানান, সরোয়ার ইমরানকে শোকজ করবে বিসিবি।

দেশের একটি গণমাধ্যমকে এ প্রসঙ্গে তিনি বলেন, 'সরোয়ার কেন এ ধরনের বক্তব্য দিয়েছে, আমি অবশ্যই তার বিরুদ্ধে একটি শোকজ নোটিস ইস্যু করব।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন