জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনে বড় লক্ষ্য

জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনে বড় লক্ষ্য

লিডস টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে জোড়া সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল ও ঋষভ পান্ত। এই দুজনের জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনে ৩৭১ রানের লক্ষ্য দিয়েছে ভারত। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ ওভারে বিনা উইকেটে ২১ রান তুলেছে ইংলিশরা। জিততে আরো চাই ৩৫০।

চতুর্থ দিনের শুরুতেই ৮ রান করে আউট হন শুভমান গিল। এর পরের গল্পটা লোকেশ রাহুল ও ঋষভ পান্তের। গিলের বিদায়ের পর রাহুল ফিফটি করেন ৮৭ বলে। দ্বিতীয় সেশনে ফিফটি করেন পান্ত। ড্রিংকস বিরতি শেষে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করেন রাহুল।

খানিক বাদে একই ম্যাচে টেস্ট ইতিহাসে দ্বিতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করেন পান্ত । আগে এই রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের। ২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪২ ও ১৯৯* রান করেন তিনি। এরপর পান্ত ১১৮ ও রাহুল ১৩৭ রানে আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারত। তারা গুটিয়ে যায় ৩৬৪ রানে। জবাব দিতে নেমে সাবধানী শুরু ইংল্যান্ডের।

এর আগে প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৪৭১ রানে থামে ভারত। যশস্বী জয়সওয়াল (১০১) ও শুভমান গিলের (১৪৭) পর সেঞ্চুরি করেন পান্ত (১৩৪)। জবাবে ইংল্যান্ড হ্যারি ব্রুকের (১০৬) সেঞ্চুরিতে থামে ৪৬৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস : ১১৩ ওভারে ৪৭১/১০ ও দ্বিতীয় ইনিংস ৩৬৪/৪ (রাহুল ১৩৭, পান্ত ১১৮; কার্স ৩/৮০, টং ৩/৭২) ইংল্যান্ড প্রথম ইনিংস : ৯৬ ওভারে ৪৬৫/১০ ও দ্বিতীয় ইনিংস ২১/০ (ক্রুলি ১২*, ডাকেট ৯*)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন