হামজা চৌধুরী পা রাখতেই নতুন উন্মাদনা শুরু হয়েছে দেশের ফুটবলাঙ্গনে। বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে ভারতের বিপক্ষে একটি ম্যাচও খেলে ফেলেছেন ইংল্যান্ড প্রবাসী এ তারকা ফুটবলার। তাতে উৎসব আর উত্তেজনা পেয়েছে নতুন মাত্রা। এবার হামজার সঙ্গে মাঠের লড়াইয়ে যোগ দিতে যাচ্ছেন শমিত সোম আর ফাহামিদুল ইসলাম। ত্রয়ী তারকার খেলা উপভোগ করা যাবে দেশের মাটিতেই। এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচের টিকিটের চাহিদা এখন আকাশ ছোঁয়া।
শনিবার রাত ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছিল ‘টিকিফাই ডট লাইভ’ ওয়েবসাইটে। কিন্তু হঠাৎ করেই সাইবার হামলার শিকার হয় সাইটটি। যে কারণে অনেকে সাইটে ঢুকলেও পরের ধাপে যেতে পারেননি। আবার অনেকে সাইটে ঢুকতেই পারেননি। শনিবার রাতেই এ জটিল পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখপ্রকাশ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
তবে আশার কথা শুনিয়েছেন বাফুফের কমপিটিশন কমিটির চেয়ারম্যান ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস। তিনি জানান, খুব দ্রুতই ফের টিকিট বিক্রি শুরু হবে, ‘শনিবার সারা রাত আমরা এ নিয়ে কাজ করেছি। এখনো করছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হয়েছে। গতকাল ১১টা দিকে তারা বলেছে- অনলাইনে আবার টিকিট কেনা যাবে দ্রুতই, আর কিছুক্ষণের মধ্যে তারা টিকিট বিক্রি শুরু করবে।’ তবে পুনরায় টিকিট বিক্রি শুরুর সুনির্দিষ্ট সময়টা জানায়নি দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।
‘সাইবার ৭১’ জানিয়েছে, কালোবাজারে টিকিট বিক্রি করতেই সাইবার হামলা হয়েছিল টিকিফাই ওয়েবসাইটে। এই সাইটে এক সঙ্গে চার লাখ ব্যবহারকারী টিকিট কিনতে পারবেন। কিন্তু ৯ হাজার ৭৮১ জন ব্যবহারকারী প্রবেশ করতেই সাইটটি বন্ধ হয়ে যায়। তার আগেই ১৭ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। তার মানে ৮ হাজার টিকিট কালোবাজারিরাই নিয়ে ফেলেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

