প্রথম দিন শেষে বাংলাদেশের পুঁজি ২২০, হাতে মাত্র ২ উইকেট

প্রথম দিন শেষে বাংলাদেশের পুঁজি ২২০, হাতে মাত্র ২ উইকেট

শেষ সেশনেও বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স পাল্টায়নি। ছিল প্রথম দুই সেশনের মতোই নড়বড়ে। তাই তো বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কলম্বো টেস্টের প্রথম দিন শেষে ৭১ ওভারে ৮ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২২০ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।

বিজ্ঞাপন

প্রথম টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশ তুলেছিল ২৯২ রান। তা আবার মাত্র ৩ উইকেটের বিনিময়ে। গল থেকে কলম্বোতে আসতেই টাইগারদের ব্যাটিং চেহারা পাল্টে গেল। বেড়িয়ে এলো যেন কঙ্কালসার। দেশের ব্যাটসম্যানদের মধ্যে সাদমান ইসলাম একটু ব্যাটিং দৃঢ়তা দেখানোর চেষ্টা করেছেন বটে। কিন্তু বেশি দূর এগোতে পারেননি। ৪ রানের জন্য ফিফটি মিস করেন এ ওপেনার (৪৬)।

বাকি ব্যাটারদের কেউ আর ৩৬ রানের স্কোরও স্পর্শ করতে পারেননি। দলীয় স্কোরে মুশফিকুর রহিম ৩৫, লিটন দাস ৩৪, মেহেদি হাসান মিরাজ ৩১ রান যোগ করে ফেরেন সাজঘরে। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে নাঈম হাসান ২৫ আর মুমিনুল হক ২১ রানের বেশি সংগ্রহ করতে পারেননি। উইকেটে রয়েছেন তাইজুল ইসলাম (৯ ব্যাটিং) ও এবাদত হোসেন (৫ ব্যাটিং)। শ্রীলঙ্কার জার্সি গায়ে দুটি করে উইকেট নেন আসিথা ফার্নান্ডো, বিশ্ব ফার্নান্ডো ও সোনাল দিনুশা।

খেলায় হানা দিয়েছে বৃষ্টি। ছিল আলোক স্বল্পতার সমস্যা। এ কারণে আজ প্রথম দিন খেলা কম হয়েছে ১৯ ওভার। নইলে প্রথম দিনেই গুটিয়ে যেতে পারতো অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল।

২ উইকেট হারিয়ে প্রথম সেশনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে সফরকারী দলের অবস্থা আরও নাজুক। এই সেশনে ৩ উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তরা। ১৪৪ রানে ৫ উইকেট হারিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ।

পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন লিটন দাস। সোনাল দিনুশার বল কাট করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন তিনি। ৩৪ রান করেন উইকেটরক্ষক ব্যাটার।

এর আগে ২ উইকেটে ৭১ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে সফরকারী দল। প্রথম সেশনের সঙ্গে আর মাত্র এক রান যোগ করে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। বিশ্ব ফর্নান্দোর বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দেওয়ার আগে ৮ রান করেন অধিনায়ক।

প্রথম সেশনের শেষ বলে ভাগ্যক্রমে রান আউট হওয়া থেকে বেঁচে যান সাদমান ইসলাম অনিক। এরপরও নিজের ইনিংসকে ফিফটিতে রূপ দিতে না পারার হতাশা নিয়ে বিদায় হন এই বাঁহাতি ব্যাটার। ব্যক্তিগত ৪৬ রানে থারিন্দু রত্নায়েকের শিকারে পরিণত হন সাদমান।

শান্ত ও সাদমানের বিদায়ের পরই বৃষ্টি নামে। ক্রিকেটের চিরশত্রুর কারণে লম্বা সময় খেলা বন্ধ ছিল। বৃষ্টি শেষে পুনরায় খেলা শুরু হলে ব্যাট করতে নামেন মুশফিক ও লিটন। এই দুজন যথাক্রমে ৭ ও ৮ রানে অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ২২০/৮, ৭১ ওভার (সাদমান ৪৬, মুশফিক ৩৫, লিটন ৩৪, মিরাজ ৩১, নাঈম ২৫ ও মুমিনুল ২১; আসিথা ২/৪৩, বিশ্ব ২/৩৫ ও দিনুশা ২/২২)। *প্রথম দিন শেষে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন