পাকিস্তান পৌঁছে বিশ্রামের ফুরসত পাচ্ছে না বাংলাদেশ নারী দল। একদিন বিশ্রামের পর রোববার (৬ মার্চ) নারী বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম প্রস্তুতি ম্যাচে নিগার সুলতানা জ্যোতি-মারুফা আক্তারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। আগামীকাল সকালে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে স্কটিশদের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। ছয় দলের বাছাইপর্ব শেষে শীর্ষ দুই দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার। এই টুর্নামেন্টের আগে দলগুলোর পর্যাপ্ত প্রস্তুতির জন্য প্রস্তুতি ম্যাচের আয়োজন রেখেছে বিসিবি। বাংলাদেশের মতো দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে দলগুলো।
বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে নারী দলের কোচ সারোয়ার ইমরান ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর। তাদের আশা, পাকিস্তানের মাটিতে ভালো খেলে বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ। এ ছাড়া প্রস্তুতি ম্যাচ থাকায় কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবেন বলেও জানান তারা। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মেয়েরা কেমন প্রস্তুতি নেয় সেটাই এখন দেখার অপেক্ষা।
প্রস্তুতি ম্যাচের আগে অবশ্য অতীত পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের মেয়েদের পক্ষে। ওয়ানডে সংস্করণে এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে একবারই খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১৭ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ওই ম্যাচে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার আছেন বাংলাদেশ দলে। তারা হলেন- শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। স্কটল্যান্ড দলেও ওই ম্যাচ খেলা দুজন ক্রিকেটার আছেন। তারা হলেন- ক্যাথরিন ব্রাইস ও সারাহ ব্রাইস।
মূল টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের কতটা প্রস্তুত করতে পারে বাংলাদেশের মেয়েরা সেটাই এখন দেখার অপেক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

