দীর্ঘ নাটকীয়তার পর মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা ভারত–পাকিস্তান মহারণ এখন নতুন করে শঙ্কায়। এবার বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। টি–টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি আজ সন্ধ্যায় হওয়ার কথা থাকলেও প্রবল বৃষ্টির সম্ভাবনায় নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ম্যাচটি হওয়ার কথা সন্ধ্যা সাড়ে ৭টায়। এর আগে টস অনুষ্ঠিত হবে ৭টায়। কিন্তু শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, ঠিক ওই সময়েই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ বলে জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে মাঝারি বৃষ্টি হতে পারে এবং টসের সময় তা আরও জোরদার হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও পরে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে, তবে মাঠ খেলাযোগ্য হতে কত সময় লাগবে সেটিই বড় প্রশ্ন।
বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ম্যাচ বিলম্বিত হওয়া বা ওভার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চরম পরিস্থিতিতে ম্যাচ পরিত্যক্তও হতে পারে। সেক্ষেত্রে দুই দলই ১ পয়েন্ট করে পাবে।
বর্তমানে উভয় দলই গ্রুপপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। নেট রানরেটে এগিয়ে আছে ভারত, দ্বিতীয় স্থানে পাকিস্তান। ম্যাচটি বাতিল হলে সুপার এইট নিশ্চিত হয়ে যাবে দুই দলেরই, কারণ নিচের দলগুলোর পক্ষে তাদের টপকে যাওয়ার সুযোগ সীমিত।
ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে—কলম্বোগামী ফ্লাইট ও হোটেলের ভাড়া কয়েক গুণ বেড়ে গেছে। তবে সব উত্তেজনার মাঝেও এখন সবার দৃষ্টি আকাশের দিকে। আবহাওয়া অনুকূলে থাকলে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দ্বৈরথটি সময়মতো শুরু হবে, নইলে অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। ক্রিকেটপ্রেমীরা তাই প্রার্থনায়—মাঠে হোক লড়াই, বৃষ্টিতে নয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

