ম্যানসিটির জয়, পরের রাউন্ডে লিভারপুল

স্পোর্টস ডেস্ক

ম্যানসিটির জয়, পরের রাউন্ডে লিভারপুল

ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর এফএ কাপে জিতেও সন্তুষ্ট নন পেপ গার্দিওলা। চতুর্থ রাউন্ডে লিগের নিম্নস্তরের ক্লাব স্যালফোর্ড সিটির বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি; তবে পারফরম্যান্সে খুশি হতে পারেননি সিটির কোচ। অন্যদিকে অনায়াস জয় তুলে নিয়ে পঞ্চম রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে লিভারপুল। তারা ৩-০ গোলে হারিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নকে।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলের সৌভাগ্যে এগিয়ে যায় সিটি। রায়ান আইত নৌরির নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আলফি ডোরিংটন। দ্রুত গোল খেয়েও স্যালফোর্ড দমে যায়নি; বরং দীর্ঘ সময় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের আটকে রেখে চমক দেখায় তারা। মাঝপথে ইনজুরিতে ম্যাক্স আলেইনকে হারানোও সিটির জন্য বড় ধাক্কা ছিল।

বিজ্ঞাপন

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি সিটি। দ্বিতীয়ার্ধেও অতিথিদের সংগঠিত রক্ষণ ভাঙতে হিমশিম খেতে হয়। শেষ পর্যন্ত ম্যাচ শেষের ৯ মিনিট আগে মার্ক গুয়েহি ক্লাবের হয়ে নিজের প্রথম গোলটি করে সিটির জয় নিশ্চিত করেন। জয়ের পরও গার্দিওলা স্পষ্ট ভাষায় বলেন, দল প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগাতে পারেনি এবং ম্যাচটি ছিল বিরক্তিকর, ‘না, আমি সন্তুষ্ট নই। প্রতিপক্ষ কোথায় জায়গা ছেড়েছিল, সেটা আমরা বুঝতে পারিনি। আক্রমণে উঠে আপনি কতটুকু জায়গা পাবেন, তা নির্ভর করে প্রতিপক্ষ কীভাবে রক্ষণ সামলাচ্ছে, তার ওপর আর আমরা আজ সেটা বুঝতেই পারিনি।’

এদিকে অন্য ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। দীর্ঘ গোলখরা কাটিয়ে প্রথম গোলটি করেন কুর্টিস জোন্স, যা ছিল এক বছরের বেশি সময় পর তার প্রথম গোল। এরপর দুর্দান্ত ফর্মে থাকা ডমিনিক সোবোস্লাই ব্যবধান বাড়ান। শেষদিকে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন মোহামেদ সালাহ। এ জয়ে আত্মবিশ্বাসী লিভারপুল সহজেই জায়গা করে নেয় পরবর্তী রাউন্ডে, যেখানে শিরোপার দৌড়ে নিজেদের অন্যতম দাবিদার হিসেবেই প্রমাণ রাখল ‘অল রেড’রা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...