বরিশালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি সরকারি উদ্যোগেও ব্যাপক কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
তবে শোভাযাত্রা শুরুর সময় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় লাঠি দিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালাতেও দেখা যায়। নগরীর পোর্ট রোড এলাকার রনি ও নোমান গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। স্থানীয় বিরোধের জের ধরে সংঘটিত এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।
এদিকে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (সুমন), বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিনের উদ্যোগেও নগরীতে একটি শোভাযাত্রা বের করা হয়।
অন্যদিকে, দুপুরে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (সুমন) এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহম্মেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সুশান্ত সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এছাড়া দিবসটি উপলক্ষে বরিশাল মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

