ঘরের মাঠে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটা খেললেন লিওনেল মেসি। শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচও বটে। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ৩-০ গোলের জয় দিয়ে শেষ করেছে আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষে বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে মেসি জানালেন, ২০২৬ বিশ্বকাপে নাও খেলতে পারেন!
দেশের মাটিতে নিজের শেষ অফিশিয়াল ম্যাচ খেলা প্রসঙ্গে মেসি বলেছেন, ‘অনেক আবেগ কাজ করছে। মাঠে অনেক কিছুর ভেতর দিয়ে গিয়েছি। নিজের মানুষদের সামনে আর্জেন্টিনায় খেলাটা সব সময়ই আনন্দের। বছরের পর বছর আমরা ম্যাচগুলো এভাবেই উপভোগ করছি। এখানে এভাবে শেষ করতে পেরে ভালো লাগছে, যেটা স্বপ্ন দেখেছি সব সময়।’
মেসি আরও বলেন,,‘অনেক বছর ধরে অনেক কিছু বলা হয়েছে। তবে আমি সব ভালো কিছুর সঙ্গেই থাকব। যেসব সতীর্থরা চেষ্টা করেছিল কিন্তু পারেনি, এবং যারা পরবর্তীতে পেয়েছে—সবার সঙ্গে কাটানো সময়গুলোই সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আজকের ম্যাচটিই ছিল আমার দেশের মাটিতে প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ।’
২০২৬ বিশ্বকাপে খেলা প্রসঙ্গে আর্জেন্টাইন তারকার ভাষ্য, ‘একই কথা, যেটা এর আগেও বলেছি বিশ্বকাপ নিয়ে, মনে হয় না আরেকটি খেলতে পারব। কারণ আমার বয়স। বড় যুক্তিটা হলো, আমি কুলিয়ে উঠতে পারব না। কিন্তু আর বেশি দিন তো নেই। আমি এটায় (বিশ্বকাপে) খেলার প্রেরণা পাচ্ছি। যেটা এর আগেও বলেছি, আমি দিন ধরে ধরে এবং ম্যাচ ধরে ধরে এগোই।’
‘দিন ধরে ধরে এগিয়ে ভালো থাকা এবং নিজের সঙ্গে সৎ থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো অনুভব করলে (খেলাটা) উপভোগ করি। ভালো না লাগলে করি না। তাই ভালো না লাগলে সেখানে (বিশ্বকাপে) না থাকাটাই আমার পছন্দ। দেখা যাক কী হয়, বিশ্বকাপে খেলা নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি।’- ব্যাখা করেন ইন্টার মিয়ামি তারকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

