তিন দিনেই বাংলাদেশের ৮ পদক

স্পোর্টস রিপোর্টার

তিন দিনেই বাংলাদেশের ৮ পদক

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম তিন দিনেই ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক নিশ্চিত করেছে লাল-সবুজের তরুণরা।

শুক্রবার একদিনেই এসেছে ১টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক। এর আগে বৃহস্পতিবার দলগত ইভেন্টে অনূর্ধ্ব-১৯ বালক দল স্বর্ণ জেতে, আর অনূর্ধ্ব-১৯ বালিকা দল গ্রুপ পর্বে তৃতীয় হয়ে ব্রোঞ্জ অর্জন করে।

দলগত ইভেন্টে প্রত্যাশা অনুযায়ী ফল না এলেও একক বিভাগে এখনো আশার আলো দেখাচ্ছেন দেশের এক নম্বর বালিকা খেলোয়াড় খই খই সাই মারমা। অনূর্ধ্ব-১৯ বালিকা এককে তিনি ভারতের অনন্যা মুরালিধরনের কাছে ৩-০ সেটে হারলেও মালদ্বীপের মোহাম্মদ ইব্রাহিম মিশকাতকে ৩-২ সেটে হারিয়ে গ্রুপ রানার্সআপ হন। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ শ্রীলঙ্কার শামালশা হালাওয়াথাগে।

অনূর্ধ্ব-১৯ বালক এককে নাফিজ ইকবাল শক্তিশালী প্রতিপক্ষ প্রিয়ানুজ ভট্টাচার্যের কাছে ০-৩ সেটে হেরে গেলেও মালদ্বীপের এয়ন ইব্রাহিমকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সেখানে তিনি মুখোমুখি হবেন নেপালের হিমাল বিস্তার।

একই বিভাগে আবুল হাশেম হাসিবও নেপালের হিমাল বিস্তার কাছে হেরে পরে ঘুরে দাঁড়ান। শ্রীলঙ্কার হারিন মুনাসিংহ ও মালদ্বীপের মোহাম্মদ রাফিউকে ৩-০ সেটে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। তার প্রতিপক্ষ শ্রীলঙ্কার আকাইন রাজাভেলু।

অনূর্ধ্ব-১৫ বালক এককে মো. মিদুল রহমান ভারতের অক্ষয় কিরিকারারের কাছে হারলেও নেপালের বিপক্ষে জিতে গ্রুপ রানার্সআপ হন। প্রি-কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ শ্রীলঙ্কার সানন মেনুয়েলগে।

দ্বৈত ইভেন্টেও এসেছে সাফল্য। অনূর্ধ্ব-১৫ বালক দ্বৈতে মো. শাহীন আহমেদ ও মো. মিদুল রহমান সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ নিশ্চিত করেন। অনূর্ধ্ব-১৫ বালিকা দ্বৈতে মোসা. রাফিয়া চৌধুরী ও রোজা ইসলামও সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ জিতেছেন।

অনূর্ধ্ব-১৯ বালক দ্বৈতে নাফিজ ইকবাল ও আবুল হাশেম হাসিব সেমিফাইনাল জিতে রৌপ্য নিশ্চিত করেছেন এবং ফাইনালে ভারতের মুখোমুখি হবেন।

অনূর্ধ্ব-১৯ বালিকা দ্বৈতে খই খই সাই মারমা ও রেশমী তৈঞ্চঙ্গা সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পান।

মিশ্র দ্বৈতেও দারুণ করছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৫ বিভাগে মিদুল রহমান ও রোজা ইসলাম সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন। একইভাবে অনূর্ধ্ব-১৯ মিশ্র দ্বৈতে আবুল হাশেম হাসিব ও খই খই সাই মারমাও সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন।

সব মিলিয়ে, টুর্নামেন্টের শুরুতেই পদকের ঝলকে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে বাংলাদেশের তরুণ টেবিল টেনিস দল। এখন লক্ষ্য—এই সাফল্য ধরে রেখে আরও বড় অর্জনের দিকে এগিয়ে যাওয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: