পর্দা উঠেছে নারী ওয়ানডে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচের একদিন পর আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ এশিয়ার আরেক দল পাকিস্তান। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শ্রীলঙ্কার রানাসিংহে প্রেমদাসা স্টেডিয়ামে ফাতিমা সানার দলের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নারীদের ৫০ ওভারের আসরে খেলতে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ প্রথমবার অংশ নেয় ২০২২ ওয়ানডে বিশ্বকাপে। ওই আসরে ভালো কিছু করতে না পারলেও পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় নিয়ে দেশে ফিরেছিলেন জ্যোতিরা। এবারও প্রথম ম্যাচেই সেই পাকিস্তান। যদিও তিন বছর আগের সেই আসরের দলের সঙ্গে এই দলের বিস্তর ফারাক। তবে মাঠের লড়াইয়ে ইতিহাসের পুনরাবৃত্তি করতে চান জ্যোতিরা। পাক মেয়েদের হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করতে চায় বাংলাদেশ। যদিও বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি আছে টাইগ্রেসদের। তবে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ১ রানে হারিয়ে চাঙা হয়েই মাঠে নামছেন তারা।
আশার কথা শুনিয়েছেন অধিনায়ক জ্যোতি, ‘অবশ্যই আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগোব। আপাতত প্রথম লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতা। এমনিতেই আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলার সুযোগ পাই না। তবে এত বড় ইভেন্টে সব ভালো দলের বিপক্ষে খেলতে পারলে জয়ও আসবে। সাধ্যমতো চেষ্টা থাকবে ম্যাচ ধরে রেখে খেলার।’
পাকিস্তানও বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে চায়। পাকিস্তানের অধিনায়ক ফাতিমার লক্ষ্য সেমিফাইনাল খেলা, ‘কলম্বোতে খেলতে আমরা অভ্যস্ত। তাই এই মাঠে আমরা একটু হলেও সুবিধা পাব। আমাদের মূল লক্ষ্য শীর্ষ চারে থাকা।’
পাকিস্তানের মেয়েদের বিপক্ষে বাংলাদেশের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান এগিয়ে থাকলেও সংখ্যার হিসাবে সেটা মাত্র ১ ম্যাচ। দুই দল ওয়ানডেতে মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। এর মধ্যে পাকিস্তানের আট জয়ের বিপরীতে বাংলাদেশের জয় সাত ম্যাচে। যদিও শেষ পাঁচ ম্যাচের দেখায় তিন ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ, যার মধ্যে এক ম্যাচ ড্র হয়ে গড়িয়েছিল সুপার ওভারের মহারণে। সেখানেও বাংলাদেশের জয়। এবার দেখার বিষয় বিশ্বমঞ্চের লড়াইয়ে কী হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

