ভারতের কাছে হারল বাংলাদেশ

ভারতের কাছে হারল বাংলাদেশ

অনূর্ধ্ব ১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে মুদ্রার উল্টো পিঠ দেখতেও বেশি সময় লাগল না বাংলাদেশের জন্য। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে তারা।

এর আগে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশের বয়সভিত্তিক নারী দলটি। প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারায় অর্পিতা অ্যান্ড কোং। দ্বিতীয় ম্যাচে প্রতিবেশীদের কাছে পাত্তা পেল না বাংলাদেশ।

বিজ্ঞাপন

চ্যাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করে খেলে ভারত। আক্রমণে তাদের একক আধিপত্যের বিপরীতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ।

যদিও রক্ষণে বেশ দৃঢ়তা দেখিয়েছে তারা। গোলরক্ষক দিয়েছেন নিজের সোরাটা। নাহলে হারের ব্যবধান আরো বড় হতে পারতো। পাশাপাশি অফসাইডের কারণেও একাধিক সুযোগ হাতছাড়া করেছে ভারত।

দুই অর্ধে একবার করে জালের দেখা পায় ভারত। এগিয়ে যেতে বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ১৪তম মিনিটে সতীর্থের পাস পেয়ে বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন পার্ল ফার্নান্দেজ। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভারত।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও বাংলাদেশকে চেপে ধরে আক্রমণাত্মক ফুটবলে জোর দেয় ভারত। একাধিক সুযোগ নষ্টের পর ৭৬ মিনিটে দ্বিতীয় ও শেষ গোলটির দেখা পায় তারা। আলিশার কর্নার থেকে গোলমুখে বল পেয়ে ঠিকানা খুঁজে নেন বনিফিলা শুলাই। এই অর্ধে খোলস ছেড়ে বের হয়ে কিছু সুযোগ পেয়েছিল বাংলাদেশ। যদিও ফিনিশিংয়ের অভাবে ব্যবধান কমাতে পারেনি তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন