ডোপ টেস্টে পজিটিভ, দুই বছর নিষিদ্ধ এশিয়ান গেমসে সোনাজয়ী তারকা

স্পোর্টস রিপোর্টার

ডোপ টেস্টে পজিটিভ, দুই বছর নিষিদ্ধ এশিয়ান গেমসে সোনাজয়ী তারকা

বাংলাদেশের ভারোত্তোলনে বড় ধাক্কা হয়ে এসেছে মাবিয়া আক্তার সীমান্তের নিষেধাজ্ঞা। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তাকে দুই বছরের জন্য সব ধরনের প্রতিযোগিতামূলক ভারোত্তোলন থেকে নিষিদ্ধ করা হয়েছে। তার নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

গত বছর ইসলামিক সলিডারিটি গেমস শেষে সৌদি আরবের রিয়াদে নেওয়া নমুনায় নিষিদ্ধ ডাইইউরেটিক্সের উপস্থিতি ধরা পড়ে। গেমস শুরুর আগেই সংগৃহীত ওই নমুনার ভিত্তিতে সাউথ এশিয়া রিজিওনাল অ্যান্টি ডোপিং অর্গানাইজেশন-এর রেজাল্ট ম্যানেজমেন্ট কমিটি বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থার বিধি অনুসারে এই শাস্তি দেয়।

গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে মাবিয়াকে চিঠি পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অ্যান্টি-ডোপিং নিয়ম অনুযায়ী তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

এই নিষেধাজ্ঞার ফলে আগামী দুই বছর আন্তর্জাতিক ও ঘরোয়া—সব ধরনের প্রতিযোগিতা থেকে দূরে থাকতে হবে দেশের শীর্ষ এই ভারোত্তোলককে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুরো প্রক্রিয়াই নিয়ম মেনে সম্পন্ন হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, কখনও কখনও চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন বা দূষিত সাপ্লিমেন্ট গ্রহণের কারণেও শরীরে নিষিদ্ধ উপাদান শনাক্ত হতে পারে।

২৬ বছর বয়সী এই অ্যাথলেটের জন্য এটি ক্যারিয়ারে বড় ধাক্কা। যদিও আপিলের মাধ্যমে শাস্তি পুনর্বিবেচনার সুযোগ থাকায় পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ২০১০ সালে জাতীয় স্টেডিয়ামে ভারোত্তোলনের সঙ্গে পথচলা শুরু হয় মাবিয়ার। ২০১৩ সাল থেকে জাতীয় পর্যায়ে আধিপত্য বিস্তার করা এই অ্যাথলেট আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের ছাপ রেখেছেন। ২০১৬ সালে দক্ষিণ এশীয় গেমসে ৬৩ কেজি বিভাগে স্বর্ণ জিতে বাংলাদেশের হয়ে প্রথম সোনা এনে দেন তিনি। এরপর ২০১৯ সালে নেপালের পোখারায় অনুষ্ঠিত একই আসরেও স্বর্ণ জিতে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: