ব্যস্ততা শুরু হচ্ছে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের

ব্যস্ততা শুরু হচ্ছে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৪-২৫ মৌসুমের ঘরোয়া ক্রিকেটে মৌসুমের। ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা শেষে জাতীয় দলের আশপাশে থাকা ও ঘরোয়া ক্রিকেটে মৌসুমজুড়ে পারফর্ম করা ক্রিকেটাররা মাঠে নামবেন ‘এ’ দল ও ইমার্জিং দলের হয়ে। আগামী ৫ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। অন্যদিকে রাজশাহীতে আগামী ১২ মে থেকে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ ইমার্জিং দলের সিরিজ। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে ‘এ’ দল ও ইমার্জিং দলে জায়গা পাওয়া ক্রিকেটাররা এবার জাতীয় দলে সুযোগের অপেক্ষায়।

সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারের মধ্যে ১৪ জন খেলেছেন জাতীয় দলের জার্সিতে। জাতীয় দলে ডাক পেলেও রেজাউর রহমান রাজার এখনো অভিষেক হয়নি। বাকিদের বেশির ভাগই জাতীয় দলে নিজের অবস্থান পাকাপোক্ত করতে পারেননি। আছেন যাওয়া-আসার মাঝে। ডিপিএলে নিজেদের প্রমাণ করা ক্রিকেটারদের সামনে এখন সুযোগ প্রমাণ করে জানান দেওয়া জাতীয় দলের জন্য প্রস্তুত হয়েছেন তারা।

বিজ্ঞাপন

‘এ’ দলের স্কোয়াডে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান, নাঈম শেখ ও মোসাদ্দেক হোসেনরা। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মাররা কখনই জাতীয় দলের নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে পারেননি। ‘এ’ দলের জার্সিতে নিজেদের প্রমাণ করে জাতীয় দলের জন্য নিজেদের কতটুকু প্রস্তুত করতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা। এই অভিজ্ঞদের পাশাপাশি পারভেজ হোসেন ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম পাটোয়ারি, তানভীর ইসলামরা আছেন ‘এ’ দলে। তাদের সামনেও সুযোগ জাতীয় দলের জন্য নিজেদের প্রমাণ করা। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে স্কোয়াডে ছিলেন ইমন। তবে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। অন্যদিক অঙ্কন সবশেষ দুই টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন। তানভীর-শামীমরা টুকটাক সুযোগ পেয়েও প্রমাণ করতে ব্যর্থ। ফলে তাদের সামনে ‘এ’ দলের সিরিজটা হয়ে এসেছে আশীর্বাদ হিসেবে। এখানে নিজেদের প্রমাণ করতে পারলে সামনে তাদের সামনে জাতীয় দলের খেলার পথ সহজ হয়ে আসবে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন আকবর আলী, মাহফিজুল ইসলাম রবি, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকী, শেখ পারভেজ জীবনের মতো তরুণ ক্রিকেটাররা। এইচপি দলে থাকা ক্রিকেটারদের কেউই এখন পর্যন্ত সুযোগ পাননি জাতীয় দলে। তারাও আছেন নিজেদের প্রমাণের অপেক্ষায়। ইমার্জিং দলের এই সিরিজ রাজশাহীতে মাঠে গড়াবে আগামী ১২ মে থেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন