জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে জয়ে পেয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ। মাহমুদুল হাসান ও শাহাদাত হোসেনের ঝোড়ো ফিফটিতে ঢাকা মহানগরকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে চট্টগ্রাম বিভাগের হয়ে ২৮ বলে ফিফটি ছুঁয়ে ৩৭ বলে ৭১ করে আউট হয়েছেন মাহমুদুল, ৩০ বলে ফিফটি করে শাহাদাত অপরাজিত ছিলেন ৩৬ বলে ৬৪ রানে।
রান তাড়ায় চট্টগ্রামের শুরুটা ভালো করে দিয়ে যান মুমিনুল হক। তার ৫টি চারে ১৮ বলে ৩১ রানের ইনিংসের পর মাহমুদুলের সঙ্গে শাহাদাত মিলে বাকি পথ পাড়ি দেন। দুজন দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৩৮ বলে যোগ করেন ৭৪ রান।
এর আগে ঢাকা মহানগরের রান ১৮৫-তে পৌঁছায় শেষ দিকে মাহমুদউল্লাহর ঝোড়ো ব্যাটিংয়ে। মাহমুদউল্লাহ ২২ বলে ৪১ করেন। ইনিংসটিতে ছিল ৩টি করে চার ও ছয়। এছাড়া অধিনায়ক নাঈম ৩৩ বলে ৪৬ আর মাহফিজুল ২৭ বলে ৪১ রান করেন।
এর আগে আজ দিনের প্রথম ম্যাচে বরিশাল বিভাগকে ২ উইকেটে হারিয়েছে সিলেট বিভাগ। প্রতিটি দলের দুই ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে ঢাকা বিভাগ। দ্বিতীয় স্থানে চট্টগ্রাম। দুই দলের জয়ই একটি করে, রান রেটে এগিয়ে ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মহানগর: ২০ ওভারে ১৮৫/৬ (নাঈম ৪৬, মাহফিজুল ৪১, মাহমুদউল্লাহ ৪১*, আবু হায়দার ২৪*; নাঈম ২/৩২, রুবেল ১/১৬)।
চট্টগ্রাম বিভাগ: ১৬.৫ ওভারে ১৮৬/২ (মাহমুদুল ৭১, শাহাদাত ৬৪*, মুমিনুল ৩১; মাহমুদুল ১/১০)।
ফল: চট্টগ্রাম বিভাগ ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদুল হাসান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

