আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কেইন-ওলিসে-দিয়াজ ত্রয়ীর সামনে ‘এমএসএন’ চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক

কেইন-ওলিসে-দিয়াজ ত্রয়ীর সামনে ‘এমএসএন’ চ্যালেঞ্জ

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার শিরোপা দৌড়ে এগিয়ে থাকা জার্মান জায়ান্টরা জায়গা করে নিয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতেও। পাশাপাশি উঠেছে জার্মান কাপের সেমিফাইনালে। সব মিলিয়ে ট্রেবল জয়ের স্বপ্ন এখনো জিইয়ে রেখেছে দলটি। দলের এ সাফল্যের বড় ভিত্তি আক্রমণভাগের ত্রয়ী—হ্যারি কেইন, মাইকেল ওলিসে ও লুইস দিয়াজ। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে তিনজন মিলে করেছেন ৭৫ গোল। ধারাবাহিকতা বজায় থাকলে বুন্দেসলিগায় খেলা কোনো আক্রমণ ত্রয়ী হিসেবে এক মৌসুমে ১০০ গোলের মাইলফলক স্পর্শের দ্বারপ্রান্তে তারা।

চলতি মৌসুমে তিন তারকাই সমানে আলো ছড়িয়েছেন। ব্যক্তিগত নৈপুণ্যেও উজ্জ্বল কেইন। এখন পর্যন্ত তার গোল ৪৩টি, যার ২৮টিই বুন্দেসলিগায়। এক মৌসুমে বুন্দেসলিগায় ৪১ গোলের রেকর্ড আছে রবার্ট লেভানডোভস্কির। সেই রেকর্ডও এখন কেইনের নাগালের মধ্যে। ওলিসেও কম যান না। এ মৌসুমে তার গোল ১৩টি, করিয়েছেন ২৫টি; যার মধ্যে বুন্দেসলিগায়ই ১৮টি অ্যাসিস্ট। এক মৌসুমে ২২ গোল করানোর রেকর্ড আছে এমিল ফোর্সবার্গের। সেই মাইলফলকও ওলিসের সামনে হাতছানি দিচ্ছে। গ্রীষ্মকালীন দলবদলে লিভারপুল থেকে বায়ার্নে যোগ দেওয়া দিয়াজও দারুণ ছন্দে আছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে করেছেন ১৯ গোল, করিয়েছেন আরো ১৫টি। পরিসংখ্যানই বলে দিচ্ছে, নতুন দলে কত দ্রুত নিজেকে মানিয়ে নিয়েছেন এই কলম্বিয়ান ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

বায়ার্ন ত্রয়ীর সামনে সাবেক বার্সা ত্রয়ী মেসি-সুয়ারেজ-নেইমার তথা ‘এমএসএন’-এর রেকর্ড ছোঁয়ার চ্যালেঞ্জ। তবে ইতিহাসের অন্যতম সেরা আক্রমণ ত্রয়ীর রেকর্ড ছোঁয়া সহজ হবে না। ২০১৫-১৬ মৌসুমে বার্সেলোনার হয়ে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার মিলে করেছিলেন ১৩১ গোল। ‘এমএসএন’ নামে পরিচিত সেই ত্রয়ীর ম্যাচপ্রতি গোল গড় ছিল ২.৬০। বর্তমানে বায়ার্ন ত্রয়ীর ম্যাচপ্রতি গড় ২.১৬ গোল। ফলে মেসি-সুয়ারেজ-নেইমারের মানে পৌঁছাতে হলে মৌসুমের বাকি অংশে আরো ধারালো হতে হবে কেইন-ওলিসে-দিয়াজকে। তবে তাদের লক্ষ্য আপাতত ১০০। এবার দেখার বিষয়, গোলের সেঞ্চুরির লক্ষ্য পূরণ হয় কি না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...