ভিলা বেলমিরোতে যেন স্বস্তির হাওয়া বইয়ে গেল। শুধু সান্তোসেই নয়। সেই স্বস্তির পরশ যেন ছুঁয়ে গেল পুরো ব্রাজিলকে। নেইমার জুনিয়রের ভক্ত-সমর্থকরা যারপরনাই খুশি। এমন দিনের জন্যই তো অপেক্ষায় আছেন তারা চাতক পাখির মতো। ভাবছেন কারণটা কী? প্রিয় তারকা নেইমার যে গোল পেয়েছেন।
মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়িয়ে উপহার দিয়েছেন আবার জোড়া গোলের দারুণ পারফরম্যান্স। তার ডাবল গোলেই গতকাল ব্রাজিলের শীর্ষ লিগ ক্যাম্পেওনাতো ব্রাসিলেইরো সিরি’এ-তে প্রতিপক্ষ ভাস্কো দা গামাকে ২-১ গোলে হারিয়ে উচ্ছ্বাসের জোয়ারে ভেসেছে সান্তোস। এ নিয়ে লিগে এটাই সান্তোসের প্রথম জয়। দলকে জিতিয়ে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন এ ব্রাজিলিয়ান মেগাস্টার।
নিজেদের মাঠে ম্যাচের ২৫ মিনিটে সান্তোসকে লিড এনে দেন নেইমার। দুর্দান্ত ফিনিশিংয়ে গোলটি এনে দিয়ে গ্যালারির দর্শকদের উদ্দেশে চুপ থাকার ইশারা করেন। পরে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়রের মতো নেচে গোল উদযাপনও সারেন। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্লে-অফে বেনফিকার বিপক্ষে দুই লেগেই গোল করে নেচেই উদযাপন করেন ভিনি। লড়াইয়ের ৪৩ মিনিটে সমতাসূচক গোলের দেখা পায় ভাস্কো দা গামা। কিন্তু ৬১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে সান্তোসকে জয় এনে দেন নেইমার।
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে নেইমারকে রাখবেন না। এই সমালোচনা ও অবহেলার জবাবটা দিলেন নেইমার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে।
সমালোচনার জবাব দিয়ে ব্রাজিলের ক্রীড়া চ্যানেল স্পোরটিভিকে নেইমার বলেন, ‘গত সপ্তাহে তারা বলছিল, আমি নাকি বিশ্বের সবচেয়ে খারাপ খেলোয়াড়। আজ আমি দুই গোল করেছি এবং এটাই দরকার। এটাই ফুটবল। একদিন আপনি খারাপ বা অবসর নেওয়ার মতো খেলোয়াড়। পরের দিনই মানুষ আবার বলবে, আপনাকে বিশ্বকাপে যেতেই হবে।’
ফর্ম ফিরে পেতে পরিশ্রম করে যেতে চান নেইমার, ‘আমি নিজেকে প্রস্তুত করতে পরিশ্রম করছি, সেরা ছন্দে ফিরতে চাই। এ বছর এটি ছিল আমার তৃতীয় ম্যাচ, আর পুরো ৯০ মিনিট খেলেছি মাত্র দ্বিতীয়বার। শেষ দিকে একটু পেশিতে টান ধরেছিল, তবে এটাও প্রক্রিয়ারই অংশ।’
গোল করে নেচেছেন ভিনিসিয়াসের জন্য। এ নিয়ে নেইমার বলেন, ‘আমার উদযাপনটা ছিল ভিনির জন্য। পর্তুগালে যখন সে বর্ণবাদের শিকার হয়েছিল, তখন আমি তাকে বলেছিলাম, আবার গোল করলে একইভাবে উদযাপন করবে। কারণ, আমিও ঠিক একইভাবে উদযাপন করব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

