সিঙ্গাপুর ফুটবল দল ঢাকায়, বিকেলে অনুশীলন

সিঙ্গাপুর ফুটবল দল ঢাকায়, বিকেলে অনুশীলন

বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল। ৪২ জনের বিশাল বহর নিয়ে সফরে এসেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি।

নিয়ম অনুযায়ী, সেই বহরে ফুটবলার আছেন ২৩ জন। এছাড়া কর্মকর্তা ও টেকনিক্যাল স্টাফ মিলিয়ে অতিথি শিবিরে আছেন আরও ১৯ জন। রাজধানীর হোটেল সোনাগাঁওতে উঠেছে সিঙ্গাপুর দলের সদস্যরা।

বিজ্ঞাপন

সূচি অনুযায়ী, আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, জামাল ভুঁইয়াদের নিয়ে গড়া বাংলাদেশের মুখোমুখি হবে সিঙ্গাপুর। মাঝখানে খুব বেশি সময় না থাকায় বিশ্রামের সুযোগ পাচ্ছে না অতিথিরা। রোববারই (৮ মে) অনুশীলনে নামবে তারা। উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে বিকেল ৪টায় অনুশীলন শুরু করবে সিঙ্গাপুর। সে অনুশীলন শেষ হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

৯ জুন অর্থ্যাৎ ম্যাচের আগের দিন দ্বিতীয়বারের মতো অনুশীলন করতে নামবে সিঙ্গাপুর। এদিন জাতীয় স্টেডিয়ামে বিকেল পৌনে ছয়টা থেকে পৌনে সাতটা পর্যন্ত নিজেদের ঝালিয়ে নেবে তারা। পরের দিন সন্ধ্যা সাতটায় ম্যাচ খেলতে নামবে সিঙ্গাপুর। দুই দিন আগেই ঢাকায় এসেছেন দলটির ম্যানেজার। মূলত অনুশীলন, ম্যাচ ভেন্যু ও অন্যান্য সুযোগ সুবিধা দেখতে আগেভাগেই ঢাকায় আসেন তিনি।

১০ বছর পর বাংলাদেশ সফরে আসলো সিঙ্গাপুর। এর আগে সবশেষ ২০১৫ সালের মে’তে একই ভেন্যুতে বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নেয় তারা। সে ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল সিঙ্গাপুর। লম্বা সময় পর বাংলাদেশ সফর করার আগে প্রস্তুতিটা দারুণ হয়েছে তাদের। প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন