ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ লুইস এনরিকে সাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। সাইক্লিং করার সময় দুর্ঘটনায় কলারবোন (কাঁধের হাড়) ভেঙে গেছে ৫৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচের। জরুরী চিকিৎসার জন্য তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পর এক্স-রে করার পর জানানো হয়েছে, কাঁধের হাড় ভাঙার কারণে তাকে সার্জারি করাতে হবে।
পিএসজি তাদের সোশ্যাল মিডিয়ায় এনরিকের সুস্থতায় পাশে থাকার আশ্বাস দিয়েছে। নিজেদের ইতিহাসে সর্বকালের সেরা কোচকে নিয়ে ইউরোপ সেরা ক্লাবটির ভাষ্য, ‘শুক্রবার সাইকেল দুর্ঘটনায় পড়ার পর কোচ লুইস এনরিককে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। তার কলারবোন ভেঙে গেছে এবং অস্ত্রোপচারের প্রয়োজন হবে। ক্লাব তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং দ্রুত সুস্থতা কামনা করছে। পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।’
এনরিকে ২০২৩ সালে পিএসজিতে যোগ দেন এবং ক্লাবকে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগসহ পর পর দুইটি লিগ ওয়ান শিরোপা জেতাতে সাহায্য করেন। তিনি এর আগে বার্সেলোনাকেও ট্রেবল জেতাতে নেতৃত্ব দিয়েছিলেন এবং ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দুই মেয়াদে স্পেন জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক বিরতির পর এনরিকের দল পিএসজি নিজেদের পরের ম্যাচ খেলবে ১৪ সেপ্টেম্বর। লিগ ওয়ানের সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ লাঁস। এরপর ১৮ সেপ্টেম্বর আটালান্টার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করবে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। এর মধ্যে এনরিকে সুস্থ হয়ে উঠলেই কেবল তাকে ডাগ আউটে দেখা যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

