বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি জানাল আফগানিস্তান

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি জানাল আফগানিস্তান

এশিয়া কাপের পরই বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ খেলবে আফগানিস্তান। সেই সিরিজের জন্য সূচি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড সিরিজটির আয়োজক হলেও সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি দিয়ে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার সিরিজ শুরু হবে। ২ অক্টোবর কুড়ি ওভারের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ৩ ও ৫ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচ দুটি মাঠে গড়াবে। একদিনের সিরিজের প্রথম ম্যাচ হবে ৮ অক্টোবর। বাকি ম্যাচ দুটি হবে ১১ ও ১৪ অক্টোব।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করে এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান বলেন, ‘বাংলাদেশকে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের অংশীদারিত্বের শক্তি এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট অভিজ্ঞতা প্রদানের জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি তুলে ধরে। ভক্তরা উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং শীর্ষ-স্তরের ক্রিকেটের জন্য অপেক্ষা করতে পারেন।’

সিরিজটি নিয়ে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রতিযোগিতামূলক এবং উত্তেজনাপূর্ণ সাদা বলের সিরিজ খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই সফর কেবল এশিয়া কাপের পরে মূল্যবান প্রতিযোগিতাই উপস্থাপন করে না। এটা আমাদের দুই ক্রিকেট বোর্ডের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং দৃঢ় সম্পর্ককেও প্রতিফলিত করে। সিরিজটি আয়োজনে সহযোগিতামূলক মনোভাবের জন্য আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন