দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েতে লম্বা সফর শেষে ছুটি কাটিয়ে আগামীকাল শনিবার থেকে অনুশীলন শুরু করবেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। আজিজুল হাকিম তামিম-জাওয়াদ আবরারদের পরবর্তী সিরিজ ইংল্যান্ড যুব দলের বিপক্ষে। সেখানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে যুব দল।
আগামী ৩১ আগস্ট এই সিরিজ খেলতে দেশ ছাড়ার কথা রয়েছে তাদের। এর আগে আগামী এক সপ্তাহ মিরপুরে অনুশীলন ক্যাম্প করবেন যুবারা। এই অনুশীলন ক্যাম্পের আগে আগামীকাল রিপোর্টিং করবেন রিজান হোসেন-সামিউন বশির রাতুলরা।
ইংল্যান্ড সফরের পর ঘরের মাঠে একটি সিরিজ খেলার কথা রয়েছে তাদের। এই সিরিজের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। একের পর এক খেলা থাকায় বিশ্বকাপের আগ পর্যন্ত বেশ ব্যস্ততায় কাটবে যুব দলের ক্রিকেটারদের।
ইংল্যান্ড সফর ও পরবর্তী সিরিজের প্রস্তুতির জন্য আপাতত যুব ক্রিকেটারদের এনসিএল টি-টোয়েন্টিতে খেলার ছাড়পত্র নাও দেওয়া হতে পারে। জানা গেছে, কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেবে বিসিবি। তাদের খেলতে না দেওয়ার সম্ভাবনাটাই বেশি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

