ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ভারতীয়দের জন্য অপয়া ভেন্যুই বটে। এই মাঠে টেস্টে এখনো কোনো জয় পায়নি ভারত। এমনকি বিগত ৫১ বছরের কোনো ভারতীয় ওপেনার ফিফটি করতেও পারেননি। সেই আক্ষেপ ফুরালেন যশস্বী জয়সওয়াল। ম্যানচেস্টারে প্রথম ইনিংসে তিনি খেলেছেন ৫৮ রানের ইনিংস।
ম্যানচেস্টারে ভারতীয় ওপেনার হিসেবে সবশেষ ফিফটি করেছিলেন সুনীল গাভাস্কার। ১৯৭৪ সালে ৫৮ রানের ইনিংস খেলেন ‘লিটল মাস্টার’ খ্যাত এই ওপেনার। সেই টেস্টের পর এই মাঠে ভারত আরো তিন টেস্ট খেললেও কোনো ওপেনারই ফিফটি হাঁকাতে পারেননি।
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রানের ইনিংস খেলার পথে আরো কিছু কীর্তি গড়েন জয়সওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে দ্রুততম ১ হাজার রান করা ভারতীয় ব্যাটারদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় জয়সওয়াল। তার সমান ১৬ ইনিংসে হাজার রানের কীর্তি আছে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনেরও। ১৫ ইনিংসে এই কীর্তি গড়ে শীর্ষে আছেন দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়।
আরেক কীর্তিতেও শচীনের পরে আছেন জয়সওয়াল। ২৩ বছর বয়সে ভারতের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় দুইয়ে তিনি। বাঁহাতি ওপেনারের রান ২০৮৯। এই বয়সে শচীনের রান ছিল ৩৬১৭।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

