নতুন মৌসুমে মোহামেডানের জার্সি গায়ে দেখা যাবে না সুলেমান দিয়াবাতেকে। মালির এই ফরোয়ার্ডেই আলোকিত হয়েছে মোহামেডান ক্লাব। দিয়াবাতের ম্যাজিক্যাল পারফরম্যান্সের সুবাদেই ইতিহাসে প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগের শিরোপা জিতেছে সাদা-কালো শিবির। ১৪ বছর পর মোহামেডানের ফেডারেশন কাপের শিরোপা জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দিয়াবাতের।
টানা ছয় বছর দুর্দান্ত সার্ভিস দেওয়া এই বিদেশি ফুটবলার মোহামেডান অধ্যায়ের ইতি টানলেন। মোহামেডানের সঙ্গে সম্পর্ক ছেদের খবরটি নিজেই জানান দিয়াবাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে মালির এই ফুটবলার মোহামেডানের হয়ে ট্রফি জয়ের ছপি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। দীর্ঘ ছয় বছর পর বিদায় নেওয়ার সময় হয়েছে। শুকরিয়া আদায় করছি। আল্লাহ যা করেন, তা ভালো আলহামদুলিল্লাহ।’
দিয়াবাতের চলে যাওয়া প্রসঙ্গে মোহামেডান ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব আমার দেশকে বলেন, ‘দেখেন, এখনো আমরা দলবদলের জন্য ক্লাবের ওপর মহল থেকে কোনো সবুজ সংকেত পায়নি। তা ছাড়া খেলোয়াড়দের অনেক চাহিদা। গত মৌসুমে দিয়াবাতেকে আমরা যে পারিশ্রমিক দিয়েছি, সেটি এবার দিতে পারছি না। তাই তার সঙ্গে আর কথা বলিনি আমরা। আপনি তাকে মাইনাসই ধরতে পারেন।’
সম্প্রতি মোহামেডান ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন। ফলে চলমান দলবদলের সময় বিপাকে পড়েছে মোহামেডান ক্লাব। এতে লিগ চ্যাম্পিয়ন হওয়া ক্লাবটি সেরা খেলোয়াড়দের হারাতে বসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

