চ্যাম্পিয়নস ট্রফিতে অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে আজ। টুর্নামেন্টের সপ্তম ম্যাচে রাওয়ালপিন্ডির মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বেলা ৩টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচকে আকর্ষণীয় বলার পেছনে অনেক কারণ আছে। দুই দলই দাপুটে জয়ে টুর্নামেন্ট শুরু করেছে। আফগানিস্তানের বিপক্ষে ১০৭ রানের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে সাড়ে তিনশর বেশি রান তাড়া করে ৫ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। দুদলের প্রথম ম্যাচে যে ব্যাটিং পাওয়ার দেখা গেছে, তাতে আজ রাওয়ালপিন্ডির ব্যাটিং-স্বর্গ উইকেটে লড়াইয়ে আলাদা ঝাঁজ ছড়াবে। হবে রানের মহোৎসব। বাড়তি উত্তাপ আর উত্তেজনায় বারুদ ছড়ানো এক ম্যাচের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
জয় পেলেই ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত। এমন সমীকরণ অস্ট্রেলিয়া ও আফ্রিকার সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জশ ইংলিশের ব্যাটে নজর থাকবে সবার। কেননা গত ম্যাচে তার দুর্দান্ত সেঞ্চুরিতে রেকর্ড গড়া জয় পায় অজিরা। অ্যালেক্স কেরি, ম্যাথু শর্টরা আলো ছড়াতে পারেন। ব্যাটারদের বড় পরীক্ষা নিতে পারেন আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুবই ভালো রেকর্ড তার। কন্ডিশন বিবেচনায় বোলিংয়ে অন্যতম সেরা ‘অস্ত্র’ লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম এই বোলার। তবে পেস বোলিংয়ে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডকে মিস করবে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ব্যাটিংয়ে হেনরিখ ক্লাসেনকে পাবে কি না দক্ষিণ আফ্রিকা, তা নিয়ে শঙ্কা রয়েছে। চোট সেরে উঠতে না পারায় প্রথম ম্যাচটিও খেলতে পারেননি তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

